২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুরন্ত রাজশাহীর কাছে বরিশাল বার্নার্সের হার

দু শর কাছাকাছি সংগ্রহ গড়েও জিততে পারেনি বরিশাল বার্নার্স। সোমবার জুনায়েদ সিদ্দিকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুরন্ত রাজশাহী সহজেই ৯ উইকেটে হারিয়েছে তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দু দলের প্রথম লড়াইয়ে বরিশাল বার্নার্স ২২ রানে জিতেছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু শর কাছাকাছি সংগ্রহ গড়েও জিততে পারেনি বরিশাল বার্নার্স। সোমবার জুনায়েদ সিদ্দিকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুরন্ত রাজশাহী সহজেই ৯ উইকেটে হারিয়েছে তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দু দলের প্রথম লড়াইয়ে বরিশাল বার্নার্স ২২ রানে জিতেছিলো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯২ রান করে বরিশাল বার্নার্স। জবাবে ১৭ ওভার ১ বলে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দুরন্ত রাজশাহী। রাজশাহীর দলটির এটি টানা পঞ্চম জয়। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে বরিশাল বার্নার্স শেষ চার নিয়ে বেশ শঙ্কিত। বরিশালের শুরুটা একদমই ভালো হয়নি। মোহাম্মদ সামির করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান ব্র্যাড হজ। রোববার দারুণ অর্ধশতক করে সিলেট রয়্যালসকে হারিয়ে দিলেও সোমবার শূন্য হাতেই বিদায় নিতে হয়েছে বরিশাল বার্নার্সের অধিনায়ককে। তবে দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদের (৪৪) সঙ্গে ফিল মাস্টার্ডের ৯৭ রানের জুটিতে শুধু প্রাথমিক ধাক্কাই সামলে ওঠেনি, বড় সংগ্রহের পথেও এগিয়ে গেছে বরিশাল বার্নার্স। শেহজাদের ৩৩ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা। এরপর তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের (২১) সঙ্গে ৩২ ও চতুর্থ উইকেটে রমিজ রাজা জুনিয়রের (অপরাজিত ২৬) সঙ্গে মাস্টার্ডের (অপরাজিত ৮৮) অবিচ্ছিন্ন ৬২ রানের জুটির সুবাদে দু শর কাছাকাছি পৌঁছে যায় বার্নার্স। রমিজ-মাস্টার্ডের জুটিটা গড়ে ওঠে মাত্র ৩০ বলে। মাস্টার্ডের ৫৮ বলের আক্রমণাত্মক ইনিংসটি ১০টি চার ও ৩টি ছক্কায় সাজানো। জবাবে শাহজেইব হাসানের (২২ বলে ৪৬) সঙ্গে জুনায়েদের ৯৩ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয় দুরন্ত রাজশাহীর। শাহজেইব বিদায় নিলেও মারলন স্যামুয়েলসের সঙ্গে ঠিক ১০০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন জুনায়েদ। ৫১ বলে ৮৯ রানে অপরাজিত জুনায়েদের বিধ্বংসী ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কা। অবশ্য ব্যক্তিগত ২৫ রানে নাজমুল অপুর বলে ডিপ মিড উইকেটে একটা সুযোগ দিয়েছিলেন তিনি। তবে কঠিন ক্যাচটা হাতে জমাতে পারেননি ফরহাদ হোসেন। দুরন্ত রাজশাহীর আরেকটি জয়ে স্যামুয়েলসেরও বড় অবদান। মাত্র ৩০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭০৮ ঘ.