অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় ভীষণ হতাশ মাশরাফি বিন মর্তুজা। ঢাকা গ্লায়াডিয়েটর্সের অধিনায়কের ধারণা, তাদের সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে ওঠার পথ এখন অনেকটাই কঠিন।
রোববার খুলনা রয়েল বেঙ্গলসের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ার পর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আগেই জানতাম বিপিএলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। হচ্ছেও তাই। সিলেট রয়্যালস ছাড়া বাকি পাঁচ দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভালোমতোই আছে।”
“আগের ম্যাচ হেরে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম, খুলনা রয়েল বেঙ্গলসের কাছেও হারলে আমাদের জন্য সেমিফাইনালে ওঠা খুব কঠিন হয়ে পড়বে। তবে এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে,” যোগ করেন তিনি।
ধারাবাহিকতা ধরে রাখতে না পারাই টানা দুই ম্যাচে হারের কারণ বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, “আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। আগের ম্যাচে ছোট লক্ষ্য তাড়া করে জিততে পারিনি। এই ম্যাচেও ২০ রানের মতো কম করেছি।”
“এক সময় আমাদের অবস্থা ভালোই ছিলো। ১০ ওভার শেষে আমাদের রান রেট ছিল ৮-এর কাছাকাছি। আসলে আজহার মেহমুদের রান আউট-ই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে,” যোগ করেন তিনি।
বিমর্ষ ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের ঠিক বিপরীত চিত্র খুলনা রয়েল বেঙ্গলস শিবিরে। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার ব্যাপারে তারা দারুণ আত্মবিশ্বাসী এখন। সেই আত্মবিশ্বাসই ফুটে বেরোলো ৮৭ রানে অপরাজিত থেকে ম্যাচ-সেরার পুরস্কার জিতে নেয়া শিবনারায়ন চন্দরপলের কণ্ঠে।
সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, “আমরা এখন জয়ের ধারায় আছি। আশা করি শেষ চারে জায়গা করে নিতে পারবো। তবে সেজন্য আরো কয়েকটি ম্যাচ জিততে হবে আমাদের।”
“বিপিএল দারুণ উপভোগ করছি। আশা করি টুর্নামেন্টটা রোমাঞ্চকর হবে,” যোগ করেন চন্দরপল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪২ঘ.
bdnews24