অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিবনারায়ন চন্দরপলের অর্ধশতকের সুবাদে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে আবারো হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস। রোববারের প্রথম খেলায় তাদের জয় এসেছে ৭ উইকেটে। এর আগে দুই দলের প্রথম দেখাতেও ১৯ রানে জেতে রয়েল বেঙ্গলস।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৪০ রান করে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। জবাবে ১৬ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা রয়েল বেঙ্গলস।
লক্ষ্য তাড়া করতে নেমে রয়েল বেঙ্গলসের শুরুটা খুব একটা ভালো হয়নি। ১৫ রানের মধ্যে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে অধিনায়ক সাকিব আল হাসানের (৩৯) সঙ্গে চন্দরপলের ৯৪ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়।
দলীয় ১০৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিব বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন চন্দরপল (৮৭)। তার ৪৯ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কায় সাজানো।
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ইমরান নাজিরকে (২) হারিয়ে চাপে পড়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। দ্বিতীয় উইকেটে আশরাফুলের সঙ্গে আজহার মাহমুদের (৩৩) ৫৫ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়।
দলীয় ৫৮ রানে আজহার রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে গ্ল্যাডিয়েটর্সের খেলায় ছন্দ পতন ঘটে। নিজেকে অনেকখানি গুটিয়ে নেন আশরাফুল। ড্যারেন স্টিভেন্স (৮), কাইরন পোলার্ড (১০), আনামুল হক (১৫) ও রানা নাভেদ উল হাসান (৩) দ্রুত বিদায় নেয়ায় রানের গতিও বেশ কমে যায়।
অর্ধশতকে পৌঁছে রিভার্স সুইপ করতে গিয়ে ১৯তম ওভারের তৃতীয় বলে শর্ট থার্ডম্যানে নাজমুল মিলনের হাতে ধরা পড়ে আশরাফুল (৫৩) সাজঘরে ফিরে এলে দেড়শও করা হয়নি গ্ল্যাডিয়েটর্সর। আশরাফুলের ৪২ বলের ইনিংসে ৪টি চার একটি ছক্কা।
২৫ রানে ২ উইকেট নিয়ে সনাৎ জয়াসুরিয়া খুলনা রয়েল বেঙ্গলসের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০৫ ঘ.
bdnews24