অনীক মিশকাত, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্য তেমন কঠিন না হলেও ঘরের মাঠে প্রথম ম্যাচেই হেরে গেছে চট্টগ্রাম কিংস। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাদের ৯ রানে হারিয়েছে দুরন্ত রাজশাহী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৬ রান করে দুরন্ত রাজশাহী। জবাবে ৯ উইকেটে ১১৭ রানে থেমে যায় চট্টগ্রাম কিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে জহুরুল ইসলাম (১৩) ও নাসির জামশেদের (২০) ৪০ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় স্বাগতিক দলকে। তবে ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে জহুরুল রান আউট হওয়ার পর ঘুরে দাঁড়ায় দুরন্ত রাজশাহী।
৫৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যাওয়া চট্টগ্রাম কিংসকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের (১৮) সঙ্গে শামসুর রহমান শুভর (২৪) ৩৪ রানের পঞ্চম উইকেট জুটি। তবে দলীয় ৮৯ রানে মাহমুদুল্ল¬াহর বিদায়ের পর আবারো পথ হারিয়ে ফেলে তারা। ১৫ রানে অপরাজিত ফরহাদ রেজার লড়াই হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
২২ রানে ৩ উইকেট নিয়ে সাকলায়েন সজীব দুরন্ত রাজশাহীর সেরা বোলার।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শাহজেইব হাসানের ২০ রানের পরও ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দুরন্ত রাজশাহী।
পঞ্চম উইকেটে আব্দুল রাজ্জাকের (১৯) সঙ্গে ৩০ ও ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের (১৭) সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের (অপরাজিত ২৪) ২৭ রানের জুটির সুবাদে একশ পেরোয় দুরন্ত রাজশাহী। ১৬ রানে অপরাজিত মুক্তার আলীও ভালো অবদান রাখেন ব্যাট হাতে।
১৩ রানে ৩ উইকেট নিয়ে আরাফাত সানি চট্টগ্রাম কিংসের সেরা বোলার।
শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় এই ম্যাচেও খেলতে পারেননি চট্টগ্রাম কিংসের আইকন খেলোয়াড় তামিম ইকবাল। খেলা শুরু হওয়ার ঠিক আগে তামিম সাজঘরে গিয়ে জানান, কুঁচকিতে এখনো ব্যথা অনুভব করছেন তিনি। তাই তাকে বিশ্রাম দেয়া হয়।
এই ম্যাচ উপভোগ করেন ১৬ হাজার ২৪৮ জন দর্শক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০১ ঘ.
bdnews24