ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব মোহাম্মদ সামির। বৃহস্পতিবার পাকিস্তানের এই পেসারের হ্যাটট্রিকের সুবাদে দুরন্ত রাজশাহী ১৪ রানে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৪ রান করে দুরন্ত রাজশাহী। জবাবে ইমরান নাজিরের অপরাজিত অর্ধশতকের পরও ৭ উইকেটে ১৩০ রানে থেমে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ইনিংস।
জয়ের জন্য শেষ ওভারে গ্ল্যাডিয়েটর্সের প্রয়োজন ছিল ২১ রান। ওভারের দ্বিতীয় বলে ড্যারেন স্টিভেন্সকে (১১) বোল্ড করেন সামি। পরের দুই বলে আফতাব আহমেদ ও স্বদেশী রানা নাভেদ-উল-হাসানকেও বোল্ড করে হ্যাটট্রিকের উল্লাসে ফেটে পড়েন তিনি।
এর আগে আনামুল হক (২০) ও নাজিরের ৪২ রানের উদ্বোধনী জুটি গ্ল্যাডিয়েটর্সকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ আশরাফুলের (১১) সঙ্গে নাজিরের জুটিটাও ভালোভাবেই এগোচ্ছিলো। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে ছন্দ পতন ঘটে। রাত ৮টা ৫৩ মিনিট থেকে পনের মিনিটের জন্য খেলা বন্ধ ছিলো।
খেলা শুরু হওয়ার পর আশরাফুল, অ্যালেক্সি কারভেজি (১০) ও কাইরন পোলার্ড (১৬) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় ঢাকার দলটি। সেই চাপ জয় করে তারা আর জিততে পারেনি। ৪৫ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন নাজির।
২৩ রানে ৩ উইকেট নিয়ে সামিই দুরন্ত রাজশাহীর সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিক (২৫) ও শাহজেইব হাসানের (২৩) ৪৫ রানের উদ্বোধনী জুটি দুরন্ত রাজশাহীকে ভালো সূচনা এনে দেয়। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা।
এর পর আব্দুল রাজ্জাকের (৭) সঙ্গে ২১ ও সাব্বির রহমানের (১৫) সঙ্গে ২৯ রানের জুটি গড়ে দলকে স্বস্তিকর জায়গায় নিয়ে যান মারলন স্যামুয়েলস। শেষ পর্যন্ত স্যামুয়েলসের ৩৬ রানের সুবাদে দেড় শর কাছাকাছি সংগ্রহ গড়ে দুরন্ত রাজশাহী।
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে দুটি করে উইকেট নেন ইলিয়াস সানি ও নাজমুল হোসেন।
কুঁচকির চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৫ ঘ.
bdnews24