ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্লাইভ লয়েড।
ক্রিকেট বোর্ডের পরিচালক ছাড়াও গায়ানার অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) প্রধানের দায়িত্বও লয়েডের কাঁধে। দুটোর মধ্যে একটিকে বেছে নিতে গিয়ে স্বদেশ গায়ানাকেই প্রাধান্য দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সফলতম অধিনায়ক।
দেশের ক্রিকেটের উন্নয়নে লয়েডকে প্রধান করে আইএমসি গঠন করেছে গায়ানা সরকার। গত জুলাইয়ে গায়ানা ক্রিকেট বোর্ডের (জিসিবি) নির্বাচন নিয়ে বিতর্কের পর জিসিবির কমিটি ভেঙ্গে দেয় সরকার। তার বদলে আইএমসি গড়া হয়। তবে এই সংস্থাটিকে এখনো স্বীকৃতি দেয়নি ডব্লিউআইসিবি। সেই সঙ্গে লয়েডকে তারা জানিয়ে দেয়, দুই পক্ষের মধ্যে যে কোনো একটি বেছে নিতে।
লয়েড বেছে নিয়েছেন আইএমসিকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০৭ঘ.
bdnews24