২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বার্নার্সের টানা তৃতীয় হার

কুঁচকির চোটের কাছে হার মানলেন ক্রিস গেইল, তার বিদায়ে পথ হারালো বরিশাল বার্নার্সও। গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুর্দান্তভাবে শুরু করলেও শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংসের কাছে তারা হার মেনেছে ৮ উইকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এটি বরিশাল বার্নার্সের টানা তৃতীয় হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকির চোটের কাছে হার মানলেন ক্রিস গেইল, তার বিদায়ে পথ হারালো বরিশাল বার্নার্সও। গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুর্দান্তভাবে শুরু করলেও শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংসের কাছে তারা হার মেনেছে ৮ উইকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এটি বরিশাল বার্নার্সের টানা তৃতীয় হার। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৫ রান করে বরিশাল বার্নার্স। জবাবে নাসির জামশেদের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১২ ওভার ৪ বলে মাত্র ২ উইকেট হারিয়ে অতি সহজে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স। শুরুতে গেইলের তান্ডব অবশ্য অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছিলো। মঙ্গলবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অসাধারণ শতক করেও দলকে জয় এনে দিতে পারেননি। সেই হতাশা ভুলতেই বোধহয় শুরু থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন চট্টগ্রামের বোলারদের ওপরে। মাত্র ১৬ বলে তিনটি বিশাল ছক্কা ও দুটো চারে ৩০ রান করা গেইলের তান্ডব বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলো বরিশাল বার্নার্সকে। কিন্তু বিধি বাম! চতুর্থ ওভারে একটি রান নিতে গিয়ে কুঁচকিতে টান পড়ে গেইল মাঠের বাইরে চলে গেলে বরিশালের রান তোলার গতিও থমকে যায়। পরের ওভারে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের (৭) বিদায়ের মাধ্যমে বরিশাল বার্নার্সের বিপর্যয়ের সূচনা। ব্র্যাড হজ (৩৮) এক প্রান্ত ধরে রেখে খেললেও অন্য প্রান্তে মোহাম্মদ মিঠুন (৮), মুমিনুল হক (১০), আলাউদ্দিন বাবু (০) ও অধিনায়ক শাহরিয়ার নাফীসের (৪) ব্যর্থতায় লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারেনি বরিশালের দলটি। চট্টগ্রাম কিংসের পক্ষে কেভন কুপর ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নেন। জবাবে জহুরুল ইসলামের (৪১) সঙ্গে জামশেদের ৯৭ রানের উদ্বোধনী জুটি চট্টগ্রাম কিংসের সহজ জয়ের ভিত গড়ে দেয়। জহুরুল বিদায় নিলেও দলকে জিতিয়ে মাঠ থেকে ফেরার সময় জামশেদের নামের পাশে জ্বলজ্বল করছিলো অপরাজিত ৮১ রান। ৪৭ বলের বিধ্বংসী ইনিংসটিতে ১০টি চার ও দুটি ছক্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৫৬ ঘ.