ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা রয়েল বেঙ্গলসকে শক্তিশালী দল হিসেবে নির্দ্বিধায় মেনে নিলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব নেই বরিশাল বার্নার্সের ব্যাটসম্যান ফরহাদ হোসেনের মনে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুর দুইটায় মুখোমুখি হবে দুদল।
মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে রোববার সাংবাদিকদের ফরহাদ বলেন, “খুলনা রয়েল বেঙ্গলস শক্তিশালী দল। তবে আমরা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাদের হারানো কঠিন হবে না।”
“রয়েল বেঙ্গলসে বেশ কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যান আছেন। তাদের বিপক্ষে ভালো লাইন-লেন্থে বল করা খুবই জরুরী,” যোগ করেন তিনি।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল এবং আহমেদ শেহজাদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে বরিশাল বার্নার্সের মিডল অর্ডার ব্যাটসম্যানরা নিজেদের প্রমাণ করার তেমন সুযোগ পাননি এখনো পর্যন্ত। তবে সুযোগ পেলে যে তারা সেটা কাজে লাগাতে ভুলবেন না , সে কথাও জানিয়ে রাখলেন ফরহাদ।
তিনি বলেন, “গেইল ও শেহজাদ দারুণ ব্যাট করছেন। আমরা চাই সব ম্যাচেই তারা ভালো ব্যাট করুক।”
“তবে সুযোগ পেলে আমাদের দলের মিডল অর্ডার ব্যাটসম্যানরাও তা কাজে লাগাতে প্রস্তুত। আমাদের অনুশীলনে সেই প্রতিজ্ঞাই ফুটে উঠছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫১ঘ.
bdnews24