ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাসির জামশেদের ৪৭ বলে অপরাজিত ৮৬ রানের আক্রমণাত্মক ইনিংসের সুবাদে খুলনা রয়েল বেঙ্গলসকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংস।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭১ রান করে খুলনা রয়েল বেঙ্গলস। জবাবে ১৯ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম কিংস।
কুঁচকির চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি চট্টগ্রাম কিংসের ‘আইকন’ খেলোয়াড় এবং জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
এই নিয়ে দুই ম্যাচের দুটোতেই জিতলো চট্টগ্রাম কিংস। সমান ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসের এটি প্রথম হার।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান জহুরুল ইসলামকে হারায় চট্টগ্রামের দলটি। তবে দ্বিতীয় উইকেটে ইংল্যান্ডের জেসন রয়ের (৩৬) সঙ্গে পাকিস্তানের জামশেদের মাত্র ৮ ওভার ৪ বলে গড়ে ওঠা ৮৮ রানের চমৎকার জুটি জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয় তাদের।
দলীয় ১০৬ রানে রয় ও ১১০ রানে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের (৪) বিদায় অবশ্য কিছুটা চাপে ফেলে দিয়েছিলো চট্টগ্রাম কিংসকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর (১২) সঙ্গে ২১ ও ফয়সাল হোসেন ডিকেন্সের (অপরাজিত ১৭) সঙ্গে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন ম্যাচ-সেরা জামশেদ। তার ঝড়ো ইনিংসটি ১০টি চার ও ৩টি ছক্কায় সাজানো।
৭ রানে ২ উইকেট নিয়ে আব্দুর রাজ্জাক খুলনা রয়েল বেঙ্গলসের সেরা বোলার।
এর আগে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হার্শেল গিবসের (৩৪) সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ৮৯ রানের উদ্বোধনী জুটি খুলনা রয়েল বেঙ্গলসের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দলীয় ১১৪ রানে আউট হওয়ার আগে চন্দরপলের ব্যাট থেকে আসে ৫৯ রান। ৫০ বলের ইনিংসটিতে ৫টি চার ও তিনটি বিশাল ছক্কা।
চন্দরপলের বিদায়ের পর তার দুই স্বদেশী আন্দ্রে রাসেল (২৪) ও ডোয়াইন স্মিথের মধ্যে মাত্র ৫ ওভারে গড়ে ওঠা ৫২ রানের জুটির সুবাদে পৌনে দু শ’র কাছাকাছি পৌঁছায় খুলনা রয়েল বেঙ্গলস। ৩৯ রানে অপরাজিত থাকা স্মিথের ২৬ বলের ইনিংসে ৩টি চার ও দুটি ছক্কা।
১৮ রানে ২ উইকেট নিয়ে রিয়াদ চট্টগ্রাম কিংসের সবচেয়ে সফল বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭০৯ ঘ.
bdnews24