২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু বোলিং নিয়ে অসন্তুষ্ট নন মাশরাফি

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭৬ রান যথেষ্ট কঠিন লক্ষ্য। বোলারদের ব্যর্থতায় এত বড় লক্ষ্য তাড়া করতে বাধ্য হওয়া ঢাকা গ্ল্যাডিয়েটর্স খুলনা রয়েল বেঙ্গলসের সঙ্গে পেরে ওঠেনি। তবু বোলারদের দোষ দিতে নারাজ গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭৬ রান যথেষ্ট কঠিন লক্ষ্য। বোলারদের ব্যর্থতায় এত বড় লক্ষ্য তাড়া করতে বাধ্য হওয়া ঢাকা গ্ল্যাডিয়েটর্স খুলনা রয়েল বেঙ্গলসের সঙ্গে পেরে ওঠেনি। তবু বোলারদের দোষ দিতে নারাজ গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। তবে আমরা ১০/১৫ রান বেশি দিয়ে ফেলেছি। এটাই দুদলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে। খুলনা রয়েল বেঙ্গলস ব্যাট করার সময় উইকেট বেশ তরতাজা ছিল। তাছাড়া ওরা ব্যাটিংও ভালো করেছে।” “সাকিব আল হাসান যেমন নেমেই শট খেলতে শুরু করে। সে সময় আমাদের বোলিংও ভালো হয়নি। পরিবর্তিত বোলার হিসেবে যাদের এনেছি তাদের কেউ সফল হয়নি,” যোগ করেন তিনি। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও গ্ল¬্যাডিয়েটর্স ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বলে মনে করেন মাশরাফি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েও তিনি হতাশ। পঞ্চম উইকেটে ড্যারেন স্টিভেন্সের (৩৮) সঙ্গে কাইরন পোলার্ডের ৬২ রানের জুটিটা একটু ধীরগতির ছিল কি না জানতে চাইলে মাশরাফি বলেন, “২০ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যাওয়ার পর তাদের দেখে-শুনে খেলতে হয়েছে। পরে তারা আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করলেও উইকেট থেকে সহায়তা পাননি।” “পোলার্ডকে ১০/১১ ওভারের সময় নামতে হয়েছে। তাকে আরো পরে নামাতে পারলে ভালো হতো। আসলে টি-টোয়েন্টিতে দ্রুত উইকেট হারিয়ে ফেললে জেতা কঠিন হয়ে যায়,” যোগ করেন তিনি। স্পট ফিক্সিংয়ের অস্বস্তিকর ঘটনাটি নিয়ে এখন আর কিছু ভাবছেন না মাশরাফি। এখন তার পুরো মনযোগ শুধুই ক্রিকেটে। তিনি জানান, তদন্ত কমিটি এবং আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের সঙ্গে যে কোনো সময় কথা বলতে প্রস্তুত। বিপিএলের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জয়-জয়কার। তাতে অবশ্য একটুও অবাক নন ম্যাচ-সেরা আন্দ্রে রাসেল। খুলনা রয়েল বেঙ্গলসের এই ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, “এই ধরনের উইকেটে খেলতে আমরা খুব পছন্দ করি। উইকেট একটু ধীরগতির। এখানে খেলাটা খুব উপভোগ করছি।” নাসির হোসেনের সঙ্গে তার মাত্র ৪ ওভার ৩ বলে গড়ে ওঠা অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি এবং এরপর বল হাতে নেয়া চার উইকেট খুলনা রয়েল বেঙ্গলসের জয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন রাসেল। তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে চার উইকেট মানে বিশেষ কিছু। আগেই জানতাম এই উইকেটে ১৬০ থেকে ১৭০ রান খুব ভালো সংগ্রহ। আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চেয়েছি। এই ম্যাচ ভালো ভাবে শেষ হয়েছে। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫২ঘ.