ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে দোকান বন্ধ রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষতিপূরণ দাবি করেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দোকান মালিক সমিতি। তবে তাদের দাবি পুরোপুরি অযৌক্তিক বলে মনে করেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
এর আগে ২০১০ সালের জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ছয়টি দলের পৃষ্ঠপোষক এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলোও ক্ষতিপূরণের দাবি করেছিল বিসিবির কাছে।
দোকান মালিক সমিতি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে লিখিতভাবে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে। তাদের আবেদন বিসিবির কাছে পাঠিয়েও দিয়েছে এনএসসি। তবে এই আবেদনে টাকার অঙ্ক উল্লে¬খ করা হয়নি।
এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, “এনএসসি আমাদের কাছে দোকান মালিক সমিতির লিখিত বক্তব্য পাঠিয়েছে। তাদের দাবি যৌক্তিক কি না তা নিয়ে বিসিবি আলোচনায় বসবে।”
“স্টেডিয়াম ব্যবসার জন্য নয়। এটি খেলার জন্য তৈরি হয়েছে। তাই খেলা বন্ধ করে দোকান খোলা রাখার দাবি যুক্তিহীন,” যোগ করেন তিনি।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, “দোকান মালিক সমিতির বক্তব্য মেনে নিতে হলে তো বছরের বেশির ভাগ সময়ই খেলা বন্ধ রাখতে হবে। সেটা কি সম্ভব? দোকান ভাড়া দিয়েছে এনএসসি। এটা তাদের সমস্যা, বিসিবির নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৮ঘ.
bdnews24