ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে এবার যুক্ত হলো বাংলাদেশ পর্যটন বোর্ড। আড়াই কোটি টাকায় বিপিএলের কো-স্পন্সর হয়েছে তারা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্যটন বোর্ডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আলীম উদ্দিন আহমেদ ও বিপিএল আয়োজনের দায়িত্ব পাওয়া ‘গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট’-এর পক্ষে পরিচালক অঞ্জন গাঙ্গুলী চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বেসরকারী বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিপিএল গভর্নিং কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু ও সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ফারুক খান বলেন, “বিপিএলের জন্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে। বিপিএলের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন বোর্ডের তিন মিনিটের ভিডিও চিত্র দেখানো হবে। এছাড়া মাঠে পর্যটন বোর্ডের ব্যানারও লাগানো হবে।”
“আমি মনে করি ক্রিকেট বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। আর বিপিএলের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে ভালো ভাবে উপস্থাপন করা যাবে। তাই ভবিষ্যতেও পর্যটন বোর্ড এর সাথে সম্পৃক্ত থাকতে আগ্রহী,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৫ঘ.
bdnews24