ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের একাদশ ও শেষ রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৫ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। তবে প্রাইম দলেশ্বরকে ২১ রানে হারানোর সুবাদে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করছে ওল্ড ডিওএইচএস। মঙ্গলবারের অন্য ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিম শতক করলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাত্র ৩ রানে হেরে গেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে।
আবাহনী-মোহামেডান
ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪৫ ওভার ৪ বলে ১৭০ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। জবাবে ৪৪ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
টস জিতে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় মোহামেডান। এরপর গোলাম মাবুদ ৪২, অধিনায়ক নাঈম ইসলাম ৩৮ ও পাকিস্তানের ইয়াসিম মর্তুজা ২৫ রান করলেও তারা লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারেনি।
২১ রানে ৪ উইকেট নিয়ে পিটার ট্রেগো আবাহনীর সেরা বোলার।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক ৪৫ রান করলেও ৭২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় আবাহনী। তবে চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবের (৩৪) সঙ্গে ৫৬ ও ষষ্ঠ উইকেটে ফরহাদ রেজার (অপরাজিত ২৩) সঙ্গে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আবাহনীকে সহজ জয় এনে দেন ৪৮ রানে অপরাজিত থাকা মাহমুদুল্ল¬াহ রিয়াদ। ৫২ বলে খেলা মাহমুদুল্লাহর অধিনায়কোচিত ইনিংসে ৬টি চার ও দুটি ছক্কা।
এটি আবাহনীর ষষ্ঠ জয় আর মোহামেডানের পঞ্চম হার।
ওল্ড ডিওএইচএস-প্রাইম দলেশ্বর
বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সব কটি উইকেট হারিয়ে ১৯৮ রান করে ওল্ড ডিওএইচএস। জবাবে ৪৮ ওভার ২ বলে ১৭৭ রানে অলআউট হয়ে যায় প্রাইম দলেশ্বর।
রান তাড়া করতে নেমে ৯০ রানে ৫ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে শাহরিয়ার নাফীসের (২৬) সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে প্রাইম দলেশ্বরকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ভারতের মানভিন্দর সিং (৬৫)। তবে দলীয় ১৫৪ রানে মানভিন্দরের বিদায়ের পর আর কেউ নাফীসকে সঙ্গ দিতে পারেনি।
২৮ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ওল্ড ডিওএইচএসের সেরা বোলার।
এর আগে ৫১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আশরাফুল (২৮) ও জিয়াউর রহমানকে (১৪) হারানো ওল্ড ডিওএইচএসকে তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি উপহার দেন শুভাগত হোম চৌধুরী (২৭) ও পাকিস্তানের রমিজ পিনজারা (৬৪)। এরপর ৭ নম্বরে নামা ফয়সাল হোসেনের ২৫ রানের সুবাদে দু শর কাছাকাছি সংগ্রহ গড়ে ওল্ড ডিওএইচএস।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে তাইজুল ইসলাম প্রাইম দলেশ্বরের সেরা বোলার।
এটি ওল্ড ডিওএইচএসের নবম জয় আর প্রাইম দলেশ্বরের ষষ্ঠ হার।
গাজী ট্যাঙ্ক-শেখ জামাল
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৫ রান করে গাজী ট্যাঙ্ক। জবাবে জয়ের কাছাকাছি গিয়েও ৮ উইকেটে ২৪২ রানে থেমে যায় শেখ জামালের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শেখ জামাল। তবে মেহরাব হোসেন জুনিয়রের (১৬) সঙ্গে ৪৬, মাহমুদুল হাসানের (৪৫) সঙ্গে ৮৫ ও সোহরাওয়ার্দী শুভর সঙ্গে ৬৮ রানের তিনটি ভালো জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মুশফিক।
কিন্তু ৪৮তম ওভারে মুশফিক আউট হয়ে যাওয়ায় বিশাল ধাক্কা খায় শেখ জামাল। ১১৬ রান করা মুশফিকের ১৪১ বলের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা। এবারের লিগে এটি তার তৃতীয় শতক।
অধিনায়ক বিদায় নিলেও সোহরাওয়ার্দী শুভর আক্রমণাত্মক ব্যাটিং আশা জিইয়ে রেখেছিলো শেখ জামালের। কিন্তু ২৫ বলে ৪০ রান করা শুভ শেষ ওভারের প্রথম বলে বিদায় নেয়ার পর তারা আর পেরে ওঠেনি।
৫৫ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের পেসার মোহাম্মদ সামী গাজী ট্যাঙ্কের সেরা বোলার।
এর আগে নাসির হোসেনের ৭২ ও নাজমুল মিলনের অপরাজিত ৩৬ রানের সুবাদে আড়াই শর কাছাকাছি সংগ্রহ গড়ে গাজী ট্যাঙ্ক।
শেখ জামালের পক্ষে তাপস বৈশ্য ২৮ রানে নেন ৪ উইকেট।
এটি গাজী ট্যাঙ্কের সপ্তম জয় আর শেখ জামালের পঞ্চম হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৫ঘ.
bdnews24