ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত যুবরাজ সিং বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। তবে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আগামী মে মাসের মধ্যেই অনুশীলন শুরু করতে পারবেন বলে জানিয়েছেন তার ফিজিওথেরাপিস্ট যতীন চৌধুরী।
যুবরাজের রোগটি প্রাথমিক পর্যায়ে আছে জানিয়ে যতীন চৌধুরী বলেন, “অক্টোবরে যুবরাজের ক্যান্সার ধরা পড়ে। বোস্টনে তার চিকিৎসা চলছে। মার্চে তার কেমো দেয়া শেষ হবে। এপ্রিলে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পর মে মাসে অনুশীলন করতে পারেন তিনি।”
গত নভেম্বরে যুবরাজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো তার ফুসফুসে গলফ বল আকারের একটি নন-ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে। স¤প্রতি গুঞ্জন ওঠে সেজন্য অস্ত্রোপচার করাতে হবে যুবরাজকে। কিন্তু কয়েক দিন আগে টুইটারে অস্ত্রোপচারের গুঞ্জন উড়িয়ে দিয়ে এই অলরাউন্ডার জানান, তিনি শুধু ঔষধ সেবন করছেন।
এদিকে ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন জানিয়েছেন, যুবরাজের চিকিৎসায় যথাসাধ্য সাহায্য করবে ভারতীয় সরকার।
তিনি বলেন, “যুবরাজের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকারের তাকে সাহায্য করা উচিৎ এবং সরকারের তা করার ইচ্ছাও আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৭ঘ.
bdnews24