ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় একদিনের খেলায় জিম্বাবুয়েকে ১৪১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
কবহ্যাম ওভালে রব নিকোলের শতকের সুবাদে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে রান করে ৩৭২। জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় আট উইকেটে ২৩১ রানে।
জয়ের লক্ষ্য ৩৭৩ রান তাড়া করতে গিয়ে দলীয় ৬২ রানের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা (৫), স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি (৩), ব্রেন্ডন টেইলর (৪), রেগিস চাকবভা (১১) ও ম্যালকম ওয়ালার (১৮) বিদায় নিলে জিম্বাবুয়ের হার নিশ্চিত হয়ে যায়।
তবে যতো বড় ব্যবধানে হারবে বলে মনে করা হচ্ছিল ততো বড় ব্যবধানে হারেনি, পরের দিকের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করায়। ষষ্ঠ উইকেট জুটিতে তাতেন্দা তাইবু ও এলটন চিগুম্বুরা ৮০ রান যোগ করে অনেকটা এগিয়ে নেন দলকে। অর্ধ-শতক হাঁকান দু’জনই।
দলীয় ১৪২ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তাইবু সাজঘরের পথ ধরার আগে করেন ৫০। তার ৭৬ বলের ইনিংসে চার রয়েছে মাত্র একটি। এটি তার ২২তম অর্ধশতক।
দলের সঙ্গে আর ২৫ রান যোগ হতেই বিদায় নেন চিগুম্বুরা ৬৩ রান করে। তিনি তার ৬৯ বলের ইনিংসটি সাজান সাতটি চার ও একটি ছক্কা দিয়ে। এটি তার ১৪তম অর্ধশতক।
এছাড়া শিঙ্গি মাসাকাদজা করেন ৩৮ রান। আর শেষ পর্যন্ত ২৭ রানে অপরাজিত থাকেন প্রসপার উতসেয়া।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাকব ওরাম তিন উইকেট নেন ২৯ রানে।
সকালে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে। নিকোল ও মার্টিন গাপটিল উদ্বোধনী জুটিতে ২৩ ওভার ৪ বলে ১৩১ রান তুলে চমৎকার ভিত্তি রচনা করে দেন। পরবর্তী ব্যাটসম্যানরা এর ফায়াদ লোটেন বেশ ভালোভাবে। ফলে স্কোরবোর্ডে বড় রান জমা করতে কোনো অসুবিধা হয়নি তাদের।
প্রথমে সাজঘরের পথ ধরেন গাপটিল, রে প্রাইসের বলে শিঙ্গির হাতে ধরা পড়ে। ৮০ বলে ৭৭ রান করেন তিনি। সীমানার ওপারে বল পাঠান আটবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে দু’বার।
দলীয় ৩৫৩ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান নিকোল ১৪৬ রান করে। উতসেয়ার বলে শিঙ্গির হাতে ধরা পড়ার আগে ১৩৪ বল খেলে ১০টি চার ও ছয়টি ছক্কা হাঁকান তিনি। এটি তার এক দিনের ক্রিকেট-জীবনের দ্বিতীয় শতক ও সর্বোচ্চ রানের ইনিংসও বটে।
এর আগে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেই ঝড় তোলেন ওরাম। ৫৯ রান করেন তিনি মাত্র ২৮ বলে। তিনি তার ইনিংসটি সাজান পাঁচটি চার ও চারটি ছক্কা দিয়ে। সাজঘরের পথ ধরেন তিনি ২০৮ রানের মাথায়।
দলীয় ৩৬৪ রানের মাথায় শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে মাত্র ২৮ বলে ৪৮ রান করেন টম ল্যাথাম। এছাড়া ২০ রান আসে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে।
জিম্বাবুয়ের পক্ষে উতসেয়া তিন উইকেট নেন ৭১ রানে।
এই খেলায় জিতে ২-০ ব্যাবধনে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ও শেষ খেলা হবে ৯ ফেব্র“য়ারি নেপিয়ারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৬ ঘ.
bdnews24