ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত সপ্তম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব- ১৯ দলকে ৭৬ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে সাত ম্যাচের সিরিজ স্বাগতিকরা জিতল ৫-২ ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৭ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪১ ওভার ২ বলে ১৬১ রানে অলআউট হয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
ব্যাট করতে নেমে ১০৪ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেন ও আল-আমিন (৬৫) ১৩৩ রানের জুটি গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন।
বাংলাদেশ ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে আল-আমিনের ব্যাট থেকে আসে ৬৫ রান। তার ৭৬ বলের ইনিংসে ৩টি চার ও একটি বিশাল ছক্কা। শেষ পর্যন্ত ৭৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। তার ৯৬ বলের ইনিংসটি ৭টি চার ও একটি বিশাল ছক্কায় সাজানো।
এর আগে আনামুল হকের (১২) সঙ্গে সৌম্য সরকারের ৪৭ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের ভালো সূচনা এনে দেয়। অর্ধশতক থেকে ২ রান দূরেেে ক সৌম্য (৪৮) বিদায় নিলে দলীয় ৭০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগেই অবশ্য ৫ রান করে সাজঘরের প ধরেন সালমান হোসেন।
মোসাদ্দেকের সঙ্গে চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটি গড়ে অধিনায়াক আসিফ আহমেদ (১৯) বিদায় নেয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ১০৪ রান।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে ক্রেগ ওভারটন অতিথি দলের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক বোলারদের যা একটু ভুগিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ড্যানিয়েল বেল। দলীয় ১০৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে তিনি করেন সর্বোচ্চ ৫৫ রান। তার ৬৮ বলের ইনিংসে ১০টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ওভারটনের ব্যাট থেকে।
৩৩ রানে ৫ উইকেট নিয়ে আল-আমিন স্বাগতিক দলের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৯ ঘ.
bdnews24