২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে প্রথম দিনে বোলারদের রাজত্ব

প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ৯৯ রানে অলআউট করেও স্বস্তিতে নেই ইংল্যান্ড। শুক্রবার দুবাইয়ে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট ১০৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ৯৯ রানে অলআউট করেও স্বস্তিতে নেই ইংল্যান্ড। শুক্রবার দুবাইয়ে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট ১০৪ রান। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংল্যান্ডের দুই নতুন বলের বোলার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের তোপের মুখে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই তৌফিক উমরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অ্যান্ডারসন। ব্রডের করা ষষ্ঠ ওভারে উইকেট রক্ষক ম্যাট প্রায়রকে ক্যাচ দিতে বাধ্য হন আজহার আলী। অ্যান্ডারসন-ব্রডের তোপে পর্যুদস্ত স্বাগতিকরা ৪৪ রানে ৭ উইকেট হারিয়ে পঞ্চাশের কমে গুটিয়ে যাওয়ার শঙ্কাতেই পড়ে গিয়েছিলো। অষ্টম উইকেটে আসাদ শফিক (৪৫) ও সাঈদ আজমলের (১২) ৩৪ রানের জুটি ঐ লজ্জা থেকে রক্ষা করলেও পাকিস্তানের সংগ্রহকে তিন অংকের ঘরে নিয়ে যেতে পারেনি। এই দুজন ছাড়া দুই অংকের ঘরে রান করেন আর দুজনই - উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (১৩) ও দশ নম্বরে নামা উমর গুল (১৩)। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ব্রড ইংল্যান্ডের সফলতম বোলার। ৩৫ রানে অ্যান্ডারসনের শিকার ৩টি। বাকি ৩ উইকেট ভাগ করে নেন দুই স্পিনার মন্টি পানেসার (২/২৫) ও গ্রায়েম সোয়ান (১/০)। জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই অ্যালিস্টার কুককে উইকেট রক্ষক আদনান আকমলের গ্লাভসবন্দী করেন উমর গুল। গুলের পরের ওভারে জোনাথন ট্রটও এলবিডব্লিউ। ৭ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ডের সাজঘরে একটু, একটু করে স্বস্তি ফিরিয়ে আনছিলেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কেভিন পিটারসেন। দুজনের ৫৭ রানের জুটিটা ভাঙ্গেন আব্দুর রেহমান, পিটারসেনকে (৩২) এলবিডব্লিউর ফাঁদে ফেলে। ইংল্যান্ডের স্কোর তখন ৩ উইকেটে ৬৪ রান। আর ১১ রান যোগ হওয়ার পর ইয়ান বেলকে ফেরান সাঈদ আজমল। এউইন মরগান ও ম্যাট প্রায়রের উইকেট দুটো রেহমানের। দিন শেষে স্ট্রাউস ৪১ ও অ্যান্ডারসন ৩ রানে অপরাজিত। ২৩ রানে রেহমান তিনটি এবং ২৮ রানের বিনিময়ে গুলের দুটি উইকেট। প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৭ঘ.