ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৭ সাল থেকে শুরু হতে পারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা প্রবর্তনের অংশ হিসেবে টেস্টের সেরা চার দলের প্রাইজ মানি বা অর্থ পুরস্কার বৃদ্ধির পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আগামী ১ এপ্রিল টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা দল পুরস্কার হিসেবে পাবে ১ লাখ ৭৫ হাজার ডলার। আগামী বছর তা বেড়ে সাড়ে চার লাখ, ২০১৪ সালে ৪ লাখ ৭৫ হাজার এবং ২০১৫ সালে ৫ লাখ ডলার হতে পারে। র্যাংকিংয়ে দুই থেকে চার নম্বরে থাকা দলগুলোর অর্থ পুরস্কারও বাড়তে পারে ক্রমান্বয়ে।
আইসিসি জানিয়েছে, ২০১৬ সাল নাগাদ পুরস্কারের অংক আরো বেড়ে যেতে পারে।
বুধবার শেষ হওয়া আইসিসির বোর্ড মিটিংয়ে টেস্ট ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেও আলোচনা হয়েছে।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, “টেস্টে ব্যাট আর বলের মধ্যে নিরপেক্ষ লড়াই নিশ্চিত করার মতো পিচ যেন থাকে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যেন পাঁচ দিন ক্রিকেট উপভোগ করার মতো থাকে, তা নিয়েও আলোচনা করেছি আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৬ঘ.
bdnews24