২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির পাশে তিন সাবেক তারকা

বিদেশের মাটিতে টানা আট টেস্টে হেরে যাওয়ায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন ভীষণ অস্বস্তিতে। যোগ্য কারো হাতে নেতৃত্ব তুলে দিতে ধোনির নিজেরও আপত্তি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশের মাটিতে টানা আট টেস্টে হেরে যাওয়ায় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন ভীষণ অস্বস্তিতে। যোগ্য কারো হাতে নেতৃত্ব তুলে দিতে ধোনির নিজেরও আপত্তি নেই। তবে সাবেক তিন তারকা সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম ও স্টিভ ওয়াহ ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের পাশেই আছেন। তিন জনেরই অভিমত, ভারতের অধিনায়ক হিসেবে ধোনিই এখন সবচেয়ে যোগ্য ব্যক্তি। ধোনির নেতৃত্বে শুধু ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং গত বছরের ওয়ানডে বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়নি ভারত, প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিলো তারা। যদিও ইংল্যান্ড সফরে সবগুলো টেস্ট হেরে যাওয়ার পর মর্যাদাটা হাতছাড়া হয়ে যায় তাদের। তার অধিনায়কত্বে ভারত অনেক স্মরণীয় সাফল্য পেলেও ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াতেও সবগুলো টেস্ট হেরে যাওয়ায় ধোনি এখন তোপের মুখে। ভারতীয় গণমাধ্যমের একাংশের অভিমত, ধোনির বদলে অন্য কাউকে ভারতের অধিনায়ক করা উচিৎ। কিন্তু গাভাস্কার, আকরাম ও স্টিভ ওয়াহ এই অভিমতের সম্পূর্ণ বিপক্ষে। ধোনিকে সরাসরি সমর্থন জানিয়ে ইএসপিএনস্টার ডটকমে আকরাম লিখেছেন, “অধিনায়কের ঘাড়ে দোষ চাপানো উপমাহাদেশের ক্রিকেট-বিশেষজ্ঞদের সময় কাটানোর একটা প্রিয় বিষয়। আর গণমাধ্যমও তা পছন্দ করে।” “আমি বিশ্বাস করি ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য ধোনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং অদূর ভবিষ্যতেও তিনি এই পদের জন্য যোগ্যতম।” আকরামের সুরেই কথা বলেছেন গাভাস্কার। ভারতীয় চ্যানেল ‘এনডিটিভি’কে তিনি বলেন,“আমার মতে (ভারতের অধিনায়ক হিসেবে) ধোনিই সেরা।” অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহও ধোনিকে সরানোর পক্ষপাতী নন। ‘টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকায় লেখা কলামে তিনি জানিয়েছেন, “আমি তাকে সরিয়ে দেওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছি না।” ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বীরেন্দর শেবাগের নাম। তবে স্টিভ ওয়াহ শেবাগকে অধিনায়ক করার বিপক্ষে। তিনি বলেন, “আমি মনে করি না এই মুহূর্তে শেবাগ দলকে উৎসাহ যোগানো, দায়িত্ব পালন এবং নিজের নৈপুণ্য প্রদর্শন করতে পারছে। সত্যি কথা বলতে কি, (অস্ট্রেলিয়ার বিপক্ষে) সিরিজে সে যেভাবে দায়িত্ব পালন করেছে তাতে আমি হতাশ।” স্টিভ ওয়াহর মতো আকরামও শেবাগের ওপরে বিরক্ত। তিনি বলেন, “অ্যাডিলেডে ভারতের গর্ব শেবাগ কি করেছেন? আমি তো মাঝে-মাঝে শেবাগের মধ্যে আফ্রিদির ছায়া দেখতে পাই! দুজনের মধ্যেই নিজেকে ধ্বংস করার ভয়ঙ্কর প্রবণতা আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ডিএইচ/এএআর/২০২৩ঘ.