ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কারণ দর্শাও নোটিসের জবাব দেবেন বলে জানিয়েছেন আব্দুল রাজ্জাক। গণমাধ্যমে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজের সমালোচনা করায় মঙ্গলবার সাত দিনের সময় বেধে দিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নোটিশ পাঠায় পিসিবি।
দ্য নেশনকে রাজ্জাক বলেন, “ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের আগে আমাকে কারণ দর্শাও নোটিশ দেখতে হবে এবং আইনজীবীর পরামর্শ নিতে হবে। নোটিশের ব্যাপারে কী করবো তা ঠিক করার আগে নিজের অবস্থান জানতে হবে আমাকে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দল থেকে বাদ পড়ার পর দেশে ফিরে হাফিজের কড়া সমালোচনা করেন রাজ্জাক। হাফিজের একার সিদ্ধান্তে দল থেকে বাদ পড়ার অভিযোগ আনেন তিনি।
পিসিসির দাবি, রাজ্জাক খেলোয়াড়দের আচরণ বিধি ভেঙ্গেছেন। বোর্ডের অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে খেলোয়াড়দের নিষেধ করা হয়েছিল। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় না হলেও আচরণ বিধি মেনে চলার বাধ্যবাধকতা তার ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৩ ঘ.
bdnews24