ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম টেস্ট ভেন্যুর মর্যাদা পাওয়ার দাবিদার। এই স্টেডিয়াম পরিদর্শন করতে বৃহস্পতিবার আসছেন আইসিসির ম্যাচ রেফারি ও শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান রোশন মহানামা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠ ও সুযোগ-সুবিধা বিভাগের জাতীয় ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন জানিয়েছেন, “কাল (বৃহস্পতিবার) রোশন মহানামা আসছেন। আশা করি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম দেশের সপ্তম টেস্ট ভেন্যুর মর্যাদা পাবে।”
“বর্তমানে এই স্টেডিয়ামটির পানি নিষ্কাশন ব্যবস্থা দেশের মধ্যে সবচেয়ে ভালো। ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির ড্রেসিংরুম এবং আউটফিল্ডও আন্তর্জাতিক মানের,” যোগ করেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার করা হচ্ছে। সেজন্য আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনার স্টেডিয়ামটিতে টেস্ট আয়োজন করতে চায় বিসিবি। আর তাই বিসিবি এই স্টেডিয়ামকে টেস্ট ভেন্যুর মর্যাদা দেয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৩ঘ.
bdnews24