ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ না পাওয়ায় পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজের তীব্র সমালোচনা করেন আব্দুল রাজ্জাক। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে দাঁড়াতে হতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
পাকিস্তান ১৬ রানে হেরে যাওয়ার পর তার বাদ পড়াকে ‘অযৌক্তিক ও একা হাফিজের সিদ্ধান্ত’ বলে অভিযোগ করেন রাজ্জাক।
চুক্তিবদ্ধ ক্রিকেটার না হলেও রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে পিসিবি।
পিসিবির এক কর্মকর্তা বলেন, “রাজ্জাককে অবশ্যই পিসিবির আচরণবিধি মানতে হবে। এমনকি চুক্তিবদ্ধ না হলেও একজন খেলোয়াড় নির্দেশ মানতে বাধ্য। ঐ বিবৃতির কারণে তিনি নিষিদ্ধ হতে পারেন। এ ব্যাপারে দলের কোচ ও ব্যবস্থাপকের কথাও আমরা শুনব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৮ঘ.
bdnews24