ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে ব্যর্থ হওয়ার পর অধিনায়কত্ব ছাড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
রোববার কলম্বোতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৬ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে দায়িত্ব থেকে সরে যাবার ঘোষণা দেন তিনি।
টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরে গেলেও খেলা চালিয়ে যাবেন তিনি। আর আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়া দলের শ্রীলঙ্কা সফর পর্যন্ত ওয়ানডে আর টেস্ট দলের অধিনায়ক হিসেবেই থাকছেন জয়াবর্ধনে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার বিষয়টি টুর্নামেন্ট শুরুর আগেই নির্বাচকদের জানিয়েছিলেন তিনি। এছাড়া তিনি মনে করেন শ্রীলঙ্কা দলেকে সামনে এগিয়ে নেবার জন্য এখন তরুণ নেতৃত্ব প্রয়োজন।
তার এই সিদ্ধান্তে সন্তুষ্ট নির্বাচকরা। টি-টোয়েন্টিতে দলের পরবর্তী অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দায়িত্ব দেয়া হতে পারে। গত ১৮ মাস ধরে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
২০০৯ সালে একবার সব ধরনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জয়াবর্ধনে। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে তিলকারতেœ দিলশান অধিনায়কত্ব ছেড়ে দিলে আবারও দলের হাল ধরেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলডিসি/এসইউ/১২৪৩ ঘ.
bdnews24