২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইবাসকে নিয়ে বিপাকে বিসিবি

নিজের ইচ্ছা মতো নয়, চুক্তির শর্ত মেনেই জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাসকে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের ইচ্ছা মতো নয়, চুক্তির শর্ত মেনেই জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাসকে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটি। রোববার বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “আমরা তাকে (পাইবাসকে) জাতীয় দলের অনুশীলনের সূচী দিতে বলব। চুক্তির শর্তাবলীও আগেরটাই থাকবে। তিনি চুক্তিতে সই না করলে এতো দিন বেতন নিয়েছেন কী করে? রাজস্ব বোর্ড কর নেয়ার সময় চুক্তির কপি চাইবে। তখন এ নিয়ে ঝামেলা হবেই।” তিনি আরো বলেন, “পাইবাস ক্রিকেটারদের ছুটি দিয়েছেন। অথচ জাতীয় দলের অধিনায়কেরই প্রশ্ন, তারা আর কত ছুটি কাটাবে। কোচ ছুটি দেয়ায় অনুশীলন শুরু করাও সম্ভব হচ্ছে না।” পাইবাসের দাবি, রিচার্ড ম্যাকিন্স এখন জাতীয় দলের দায়িত্বে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়ে জালাল ইউনুস বলেন, “ক্রিকেট অপারেশন্সের অধীনে পাইবাস জাতীয় দলের প্রধান কোচ আর গেম ডেভলপমেন্টের অধীনে ম্যাকিন্স জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্বে আছেন। পাইবাসের কথা তাই আমরা মানব না। তিনি বললেই তো আর ম্যাকিন্সের কাছে সব দায়িত্ব চলে যাবে না।” মাত্র চার মাসেই পাইবাসকে নিয়ন্ত্রণে রাখা বিসিবির জন্য কঠিন হয়ে পড়েছে কিনা জানতে চাইলে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি বলেন, “গত চার মাস দেশের মাটিতে আমাদের খেলা ছিল না। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি দেশের বাইরেই বেশি কাটিয়েছেন। তবে ছুটির সঙ্গে মিলিয়ে জাতীয় দলের অনুশীলন সূচী তৈরি করার অধিকারও তার নেই।” জালাল ইউনুস আরো বলেন, “আজই (রোববার) তাকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। চুক্তি অনুযায়ী তাকে দল চালাতে হবে, তার ইচ্ছা অনুযায়ী নয়। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন তাকে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে।” “বিসিবি সভাপতির সঙ্গে পাইবাসের কথা হয়েছে। তবে বিসিবি সভাপতি তাকে কিছু বলেননি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৯ঘ.