২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দুষছেন পাকিস্তানের সাবেকরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটার ভীষণ হতাশ, ক্ষুব্ধ। দলের ব্যাটিং-ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটার ভীষণ হতাশ, ক্ষুব্ধ। দলের ব্যাটিং-ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। এই হারের জন্য সাবেক অধিনায়ক আসিফ ইকবাল সবচেয়ে বেশি দায়ী করছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির ও মোহাম্মদ হাফিজকে। তিনি বলেন, “আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানদের দেখে মনে হয়েছে তারা ভীত। মন্থর-টার্নিং উইকেটে ব্যাট করা সহজ নয়। তারপরও রান তাড়া করে জিততে হলে কিছু পরিকল্পনা থাকা দরকার। কিন্তু ব্যাটসম্যানরা কেউ উইকেটে থাকারই চেষ্টা করেনি।” সাবেক তারকা ব্যাটসম্যান জহির আব্বাসও ব্যাটসম্যানদের সমালোচনায় মুখর। তিনি বলেন, “ব্যাটসম্যানরা পরিস্থিতি ও উইকেটের চরিত্র অনুধাবন করে খেলতে পারেনি।” আরেক সাবেক ব্যাটসম্যান আমির সোহেল বলেন, “আসাদ শফিককে খেলানো উচিৎ ছিল। সে সবচেয়ে ধীরস্থির এবং তার ব্যাটিং কৌশল সবচেয়ে নিখুঁত।” অভিজ্ঞ অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে বাদ দিয়ে পেসার সোহেল তানভীরকে খেলানোর সিদ্ধান্তের সমালোচনা করেন কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির। সাবেক ব্যাটসম্যান বাসিত আলীর সবচেয়ে বেশি ক্ষোভ শহীদ আফ্রিদিকে নিয়ে। তিনি বলেন, “এই টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের কারণে তার অবসর নেয়া উচিৎ।” ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রধান রূপকার আফ্রিদি এবার চরম ব্যর্থ। ৬ ম্যাচে মাত্র ৩০ রান এসেছে তার ব্যাট থেকে, উইকেট নিয়েছেন ৪টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৬ঘ.