২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের প্রথম ফ্র্যাঞ্চাইজি প্রাইম ব্যাংক

জাতীয় ক্রিকেট লিগের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। দশ বছরের জন্য খুলনা বিভাগ দলের পরিচালনার ভার নিয়েছে প্রাইম ব্যাংক। প্রথম বছরের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছে তারা। চুক্তি স্বাক্ষর শেষে প্রাইম ব্যাংকের সহ-সভাপতি ও ক্রিকেট ফাউন্ডেশনের মহাসচিব তানজিল চৌধুরী বলেন, “প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ক্লাবের পৃষ্ঠপোষকতাও আমরা করছি। অলাভজনক অর্থায়নের অংশ হিসেবে এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে (জাতীয় ক্রিকেট লিগ) একটি দলের পৃষ্ঠপোষকতায় আমরা এগিয়ে এসেছি।” “ক্রিকেটের উন্নয়নে জাতীয় লিগ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে, দশ বছরের জন্য খুলনা বিভাগের দায়িত্বও নিয়েছি আমরা। বিসিবির সহায়তা পেলে তরুণ ক্রিকেটারদের সাহায্যে একটি অ্যাকাডেমি গড়ার পরিকল্পনাও আমাদের রয়েছে,” যোগ করেন তিনি। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় লিগ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা শেষ হওয়ার কথা। রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে দিন-রাতের। দুটো ম্যাচেরই ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৪ঘ.