ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ দিনে কঠিন পরীক্ষার সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেমিফাইনাল নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতেরও জয় চাই।
ভারতের কাছে বড় ব্যবধানে হারই পাকিস্তানের জন্য সমীকরণটা কঠিন করে তুলেছে। ভারত (-০.৪৫২) ও দক্ষিণ আফ্রিকার (-০.৬০৫) চেয়ে নিট রান রেটে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার কাছে হার পাকিস্তানের (-০.৪২৬) বিদায় নিশ্চিত করে দিতে পারে। অন্যদিকে দুই ম্যাচেই সহজ জয় পাওয়ায় অস্ট্রেলিয়ার (+১.৭১২) সেমিফাইনাল প্রায় নিশ্চিত।
পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন শেন ওয়াটসন। টানা চার ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ওয়াটসন এখন টুর্নামেন্টে সর্বোচ্চ ২৩৪ রান ও সবচেয়ে বেশি ১০টি উইকেটের মালিক।
দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকার। প্রথম ম্যাচে পাকিস্তান জিতলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে এবি ডি ভিলিয়ার্সের দলের। তবে অস্ট্রেলিয়া জিতলে রান রেটের হিসাবে আশা বেঁচে থাকবে তাদের।
পাকিস্তানকে হারিয়ে লড়াই জমিয়ে দেয়া ভারতেরও সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। পরের ম্যাচে মাঠে নামবে বলে রান রেটের হিসাব করারও সুযোগ পাবে মহেন্দ্র সিং ধোনির দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৭ঘ.
bdnews24