ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সোমবার পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দল। এই হারের ফলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করা সুযোগ হারালো বাংলাদেশ।
সাত ম্যাচের সিরিজে বর্তমানে স্বাগতিরা ৩-২ ব্যবধানে এগিয়ে। মঙ্গলবার একই মাঠে ষষ্ঠ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৫ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৫ ওভার ১ বলে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকার (১৮) ও আসলাম হোসেনের (১৫) ৩৩ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের ভালো সূচনা এনে দিলেও দলীয় ৩৩ রানে আসলামের বিদায়ের পরপরই জসিম উদ্দিন (০) ও সালমান হোসেন (১) বিদায় নিলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
মোসাদ্দেক হোসেন (১৭) ও অধিনায়ক আল-আমিন (১২) লড়াইয়ের আভাস দিলেও শেষ রক্ষা করতে পারেননি। দলীয় ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে তখন ধুঁকছে স্বাগতিকরা।
সপ্তম উইকেটে জাকারিয়া মাসুদ ও নাঈম ইসলাম জুনিয়রের (১৯) ৩১ রানের জুটি লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিলো। নাঈমের বিদায়ের পর প্রায় একাই লড়েছেন জাকারিয়া। তবে শেষ রক্ষা হয়নি। অপরাজিত ৩৮ রান করেন তিনি।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে ব্রেট হাটন অতিথি দলের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে স্যাম কালসেলের ৪৩ রানের পরও ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিলো অতিথিরা। তবে পঞ্চম উইকেটে র্যামি সিং (৩৮) ও স্যাম উডের (৩২) ৫৪ রানের জুটি দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।
স্বাগতিক দলের পক্ষে নাঈম ৩১ রানে নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৫৪ ঘ.
bdnews24