ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে পাকিস্তান এখন আনন্দে আত্মহারা। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের আশা, এই জয় ক্রিকেট বিশ্বে তাদের হারানো সম্মান ফিরিয়ে আনবে।
দুবাইয়ে প্রথম টেস্ট ১০ উইকেটে জেতার পর আবুধাবিতে দ্বিতীয় টেস্ট ৭২ রানে জিতেছে পাকিস্তান। সুবাদে তিন ম্যাচের সিরিজে তারা এখন ২-০ ব্যবধানে এগিয়ে।
পাকিস্তানের দৈনিক ‘দ্য নিউজ’ কে মিসবাহ বলেন, “আমার মনে হয় পুরো বিশ্বের এখন জেনে নেয়া এবং মেনে নেয়া উচিৎ যে পাকিস্তানের ক্রিকেট উঠে আসছে। আমাদের খেলোয়াড়রা যেভাবে খেলছে তাতে মনে হয় যত নেতিবাচক ঘটনাই ঘটুক না কেন, সেগুলো ভুলে তারা সামনে এগিয়ে যেতে সক্ষম।”
২০১০ সাল ছিলো পাকিস্তান ক্রিকেটের দুর্ভাগ্যের বছর। ওই বছরের অগাস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারি তাদের বিধ্বস্ত করে দেয়। তবে সে সব এখন অতীত বলেই মনে করেন পাকিস্তানের অধিনায়ক।
ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া মিসবাহ বলেন, “আমার মনে হয় নৈপুণ্যের ওপরই একটি দলের গ্রহণযোগ্যতা নির্ভর করে। আমরা আরো ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।”
টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ থাকা ইংল্যান্ডের বিপক্ষে এই সাফল্যে দারুণ খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড প্রধান জাকা আশরাফ দেশে ফেরার পর দলকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০২ঘ.
bdnews24