ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব- ১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে সাত ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।
সোমবার একই মাঠে পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৪ বলে ১৬৮ রানে অলআউট হয় অতিথিরা। জবাবে ৪৫ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
১৬৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৬ রানে সৌম্য সরকার (১) ও অধিনায়ক আনামুল হককে (১৩) হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
তবে তৃতীয় উইকেটে আসলাম হোসেনের (৩৮) সঙ্গে সালমান হোসেনের ৮০ রানের জুটি প্রাথমিক ওই ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসে।
দলীয় ১৫৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে সালমান করেন ৫৯ রান। তার ৮৯ বলের ইনিংসে ৯টি চার।
এছাড়া আল-আমিন ২৫ রান করেন।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে স্যাম উড ও ব্রেট হাটন ৩টি করে উইকেট নেন।
এর আগে তাসকিন আহমেদের মারাত্মক বোলিংয়ে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড।
ষষ্ঠ উইকেটে অনীশ কপিল (৪৮) ও ক্রেগ ওভারটনের (৩৬) ৬১ রানের জুটি লাড়াই করার মত পুঁজি গড়ার আভাস দিলেও এ দুজনের পর একমাত্র অধিনায়ক অ্যাডাম বেল (২১) ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি। দ্রুত ইংল্যান্ডের লেজ ছেঁটে দেয়ায় মূল ভূমিকা রাখেন মোসাদ্দেক হোসেন।
মোসাদ্দেক ও তাসকিন দুজনই ৪টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৫৮ ঘ
bdnews24