ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন দিকটা বেশ ভালোভাবেই জিম্বাবুয়েকে দেখিয়ে দিল নিউজিল্যান্ড। শনিবার একই দিনে আফ্রিকার দেশটিকে দু’বার অল-আউট করে জিতে নিয়েছে একমাত্র টেস্টটি। খেলায় জিম্বাবুয়ে হার মানে এক ইনিংস ও ৩০১ রানে।
নিউজিল্যান্ডের প্রথম পালার ৪৯৫ রানের জবাব দিতে নেমে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ৫১ রানে। দলটির দ্বিতীয় পালা থেমে যায় ১৪৩ রানে। এর চেয়ে বড় ব্যবধানে নিউজিল্যান্ড আর কখনোই জেতেনি।
এ নিয়ে তৃতীয়বার একটি দল দিনে দু’বার অল-আউট হলো। এর আগে ২০০৫ সালে এই জিম্বাবুয়েকেই একই দিনে দু’বার গুটিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। সেবার জিম্বাবুয়ে প্রথম পালা করে ৫৯ ও দ্বিতীয় পালায় ৯৯। এছাড়া ১৯৫২ সালে দিনে দু’বার ভারতকে অল-আউট করে ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওই খেলায় ভারত প্রথম পালায় করে ৫৮ ও দ্বিতীয় পালায় ৮২।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে ৩৯২ রান নিয়ে। আরো দুই উইকেট হারিয়ে ৪৯৫ রানে পৌঁছার সঙ্গে সঙ্গে দান ছেড়ে দেয় নিউজিল্যান্ড।
এর আগেই অবশ্য টেস্ট-জীবনের প্রথম শতক (অপরাজিত ১০২) আদায় করে নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। তিনি তার ১৪৯ বলের ইনিংসটি সাজান ১২টি চার দিয়ে।
জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা শুরু করে দেন উইকেটে যাওয়া আর আসা। কেবলমাত্র ম্যালকম ওয়ালারের ব্যাট থেকে আসে ২৩ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দু’টি করে উইকেট নেন ক্রিস মার্টিন, ট্রেন্ট বোল্ট, ডোগ ব্র্যাসওয়েল ও টিম সুথি।
দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে আরো খারাপ অবস্থায় পড়ে জিম্বাবুয়ে। মাত্র ১২ রানের মধ্যে হারিয়ে বসে পাঁচ উইকেট। তখন টেস্টের ইতিহাসে সর্বনিু রানের (২৬) শঙ্কায় পেয়ে বসে দলটিকে। কিন্তু ফরস্টার মুতিজাওয়া সেই শঙ্কা দূর করেন ১৮ রান করে। টেস্ট ক্রিকেটে সব চেয়ে কম ২৬ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড, ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
মুতিজাওয়ার ফিরে যাওয়ার পর রেগিস চাগাবভা ও গ্রায়েম ক্রিমার সপ্তম উইকেট জুটিতে দলের সঙ্গে ৬৩ রান যোগ করে নিউজিল্যান্ডের জয় কিছুটা বিলম্বিত করেন মাত্র। কিন্তু ১০০ রানের মাথায় ক্রিমারের (২৬) বিদায়ের পর আর বেশি দূর এগোতে পারেনি জিম্বাবুয়ে।
দলের সঙ্গে আর ৪৩ রান যোগ হতেই থেমে যায় আফ্রিকার দেশটির দ্বিতীয় পালা।
দলের পক্ষে সব চেয়ে বেশি ৬৩ রান আসে চাকাবভার ব্যাট থেকে। তার ১১৯ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি।
নিউজিল্যান্ডের পক্ষে মার্টিন ছয় উইকেট নেন ২৬ রানে। এছাড়া ২৬ রানে তিন উইকেট নেন ব্র্যাসওয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৪ ঘ.
bdnews24