২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া

চার টেস্টের সিরিজে সব খেলায় হারিয়ে ভারতকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে পঞ্চম ও শেষ দিন শনিবার ভারতকে হারায় তারা ২৯৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 04:17 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডনিতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা বলেছিলেন, ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। দল দু’টোর মধ্যে সেই পার্থক্যই স্পষ্ট হয়ে উঠলো চার সপ্তাহ পর। চার টেস্টের সিরিজে সব খেলায় হারিয়ে সফরকারীদের একেবারে ধুয়ে দিল স্বাগতিকরা। অ্যাডিলেডে পঞ্চম ও শেষ দিন শনিবার ভারতকে হারায় তারা ২৯৮ রানে। ভারতের দ্বিতীয় পালা গুটিয়ে যায় ২০১ রানে, দিনের খেলা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে। সিরিজে এই টেস্টই কেবল ভারত নিয়ে যেতে পেরেছে পঞ্চম দিনে। অস্ট্রেলিয়া প্রথম পালায় সাত উইকেটে ৬০৪ রান করে দান ছেড়ে দেয়। ভারত জবাব দেয় ২৭২ রান তুলে। ৩৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৬৭ রান করে আবারো দান ছেড়ে দেয় স্বাগতিকরা। ফলে সফরকারীদের জয়ের লক্ষ্য দাঁড়ায় পাঁচ শ’ রান। এ নিয়ে বিদেশের মাটিতে টানা আট টেস্টে হার মানলো উপমহাদেশের দলটি। এর আগে ইংল্যান্ডের কাছে মহেন্দ্র সিং ধোনির দল হারে ৪-০ ব্যবধানে। অ্যাডিলেড ওভালে নাথান লায়নের বল উমেশ যাদবের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনের গ্লাভসে জমা পড়ার সঙ্গে সঙ্গে বিজয়-আনন্দে মেতে ওঠেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। তবে উল্লাসে মত্ত হয়ে ওঠেননি। কেননা মাইকেল ক্লার্ক ও তার সতীর্থরা জানেন, সামনে আরো অনেক কাজ পড়ে আছে। সিরিজের সব খেলায় জেতার পরও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানেই থেকে যেতে হলো অস্ট্রেলিয়াকে। র‌্যাঙ্কিং’র এই হিসেবেই বলে দিচ্ছে, কতটা নিচে নেমে গেছে দলটি। তবে এগিয়ে চলছে তারা তাদের লক্ষ্য শীর্ষ স্থান ফিরে পাওয়ার পথে। দলটি এপ্রিলে খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তখন হয়তো তারা তাদের লক্ষ্যের পথে আরো কিছুটা এগিয়ে যাবে। পক্ষান্তরে ভারত র‌্যাঙ্কিং’র তৃতীয় স্থান ধরে রেখেছে ঠিকই। কিন্তু এখানেই শেষ, আর কিছুই পায়নি। ধোনি ও তার সতীর্থদের ঘরে ফিরতে হচ্ছে শুধু খালি হাতেই নয়, একরাশ হতাশা ও সমালোচনার তীরে ক্ষত-বিক্ষত হয়ে। দিনের খেলা ভারত শুরু করে ৬ উইকেটে ১৬৬ রান নিয়ে। দলের সঙ্গে কোনো রান যোগ না হতেই সাজঘরের পথ ধরেন ইশান্ত শর্মা (২)। রায়ান হ্যারিসের বল শর্মার ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটের পেছনে হ্যাডিনের হাতে। দলের সঙ্গে চার রান যোগ হতেই শর্মাকে অনুসরণ করেন ঋদ্ধিমান সাহা (৩)। তারও ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। এবারো ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি হ্যডিন। এরপর রবীচন্দ্রন অশ্বিন ও জহির খান কিছুক্ষণ কেবল থামিয়ে রাখেন স্বাগতিকদের। ঘড়ির কাটা ৫৯ মিনিটে ছোঁয়ার সঙ্গে সঙ্গে সব শেষ। ১৯৩ রানের মাথায় জহির খান ফিরে যান ১৫ রান করে। আট রান পর এক রান করে তার পথ ধরেন যাদব। তখন অপর প্রান্তে সঙ্গীহারা অশ্বিন। তার ব্যাট থেকে আসে ১৫ রান। অস্ট্রেলিয়ার পক্ষে চার উইকেট নেন লায়ন ৬৩ রানে। আর ৪১ রানে তিন উইকেট নেন হ্যারিস। ম্যাচের সেরা খেলোয়াড় হন পিটার সিডল। আর সিরিজ সেরার পুরস্কার জিতে নেন ক্লার্ক। চার টেস্টের এই সিরিজ যে কতটা একপেশে ছিল খেলার ফলাফলই তা বলে দিচ্ছে। মেলবোর্নে ভারত হারে ১২২ রানে, সিডনিতে এক ইনিংস ও ৬৮ রানে এবং পার্থে এক ইনিংস ও ৩৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০১১ ঘ.