ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতকের পথে এগিয়ে যাওয়া অ্যালিস্টার কুকের দৃঢ়তায় হাসিমুখে দিন শেষ করার আশা করছিলো ইংল্যান্ড। কিন্তু শেষ বিকেলে সাঈদ আজমলের ঘূর্ণিতে মাত্র ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে উল্টো তারাই অস্বস্তিতে। বৃহস্পতিবার আবুধাবিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২০৭ রান। প্রথম ইনিংসে ২৫৭ রান করেছে পাকিস্তান।
অল্পের জন্য শতক থেকে বঞ্চিত কুককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ধ্বংসের সূচনা করেন আজমল। ২২০ বলে খেলা কুকের ৯৪ রানের ইনিংসে ১০টি চার।
কুক ফিরে যাওয়ার সময় স্কোর ছিলো ১৯৮/৩। আর পাঁচ রান যোগ হওয়ার পর কেভিন পিটারসেনকে (১৪) মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত করেন প্রথম টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক আজমল। দিনের শেষ ওভারে এউইন মরগানও (৩) তার শিকার। ৬৭ রানের বিনিময়ে এই তিন জনকে ফিরিয়ে আজমলই বৃহস্পতিবার স্বাগতিকদের সফলতম বোলার।
অথচ কুকের সঙ্গে জোনাথন ট্রটের চমৎকার জুটি দৃঢ় অবস্থানে নিয়ে গিয়েছিলো ইংল্যান্ডকে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের (১১) আরেকটি ব্যর্থতায় ২৭ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেলেও কুক-ট্রটের ১৩৯ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিলো তারা। কিন্তু শেষ বিকেলে আজমলের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে ভীষণ দুশ্চিন্তায় অতিথিরা।
এর আগে ৭ উইকেটে ২৫৬ রান নিয়ে খেলা শুরু করা পাকিস্তান আর মাত্র এক রান যোগ করেই অলআউট হয়ে যায়। প্রথম দিন শেষে ৮৩ রানে অপরাজিত মিসবাহ-উল হকের ব্যাট থেকে এসেছে একমাত্র রানটি। স্টুয়ার্ট ব্রড পাকিস্তানের অধিনায়ককে বিদায় করার পর আজমল আর জুনায়েদ খানকে শূন্য হাতেই ফেরান জেমস অ্যান্ডারসন।
৪৭ রানে ৪ উইকেট নিয়ে ব্রড ইংল্যান্ডের সেরা বোলার। ৫২ রানের বিনিময়ে গ্রায়েম সোয়ানের শিকার ৩টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৯ঘ.
bdnews24