ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিকের অর্ধশতকের সুবাদে আবুধাবিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বিপদে পড়তে হয়নি পাকিস্তানকে। দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৫৬ রান। বোলারদের সৌজন্যে ইংল্যান্ডেরও ভালোই কেটেছে দিনটা।
শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫১ রানে তৌফিক উমরকে (১৬) হারায় পাকিস্তান। গ্রায়েম সোয়ানের বলে বোল্ড হয়ে যান স্বাগতিকদের বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ১০ রান যোগ হওয়ার পর অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে (৩১) ফেরান প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নামা মন্টি পানেসার।
আজহার আলী আর ইউনুস খানও তাদের ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। দুজনের ব্যাট থেকেই এসেছে ২৪ রান এবং দুজনকেই বোল্ড করেছেন স্টুয়ার্ট ব্রড।
তাই ১০৩ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে মিসবাহ ও শফিকের ১০০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।
৭টি চার ও একটি ছক্কায় ৫৮ রান করা শফিককে এলবিডব্লিউ করে জুটিটা ভাঙ্গেন সোয়ান। এরপর আরো দুই উইকেট তুলে নেন সোয়ান ও ব্রড।
দিন শেষে মিসবাহ ৮৩ রানে অপরাজিত। পাকিস্তানের অধিনায়কের ১৬৮ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ৪টি ছক্কায়।
৩টি করে উইকেট নিয়েছেন ব্রড ও সোয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪১ঘ.
bdnews24