২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাব্বির শতকে আবাহনীর জয়, জিতেছে মোহামেডানও

ফজলে রাব্বির শতকের সুবাদে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম পর্বে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ২৫ রানে হারিয়েছে আবাহনী। দিনের অন্য দুই ম্যাচে মোহামেডান ৭ উইকেটে বাংলাদেশ বিমানকে এবং ওল্ড ডিওইচএস ৭৯ রানে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফজলে রাব্বির শতকের সুবাদে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম পর্বে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ২৫ রানে হারিয়েছে আবাহনী। দিনের অন্য দুই ম্যাচে মোহামেডান ৭ উইকেটে বাংলাদেশ বিমানকে এবং ওল্ড ডিওইচএস ৭৯ রানে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে হারিয়েছে। গত ১৩ এপ্রিলের পর মঙ্গলবার প্রথম বারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। বিমানের হয়ে মোহামেডানের বিপক্ষে ৪ ওভার বল করলেও কোনো উইকেট পাননি দেশের সেরা পেসার। এর আগে ব্যাট হাতে ৮ রান করেন তিনি। আবাহনী-সিসিএস ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৬৫ রান করে আবাহনী। জবাবে ৮ উইকেটে ২৪০ রান করে সিসিএস। তৃতীয় উইকেটে রাব্বি ও মার্শাল আইয়ুবের (৪৬) ১১১ রানের জুটি আবাহনীকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুুদুল্ল¬াহ রিয়াদের (৫০) সঙ্গে ৯০ রানের আরেকটি ভালো জুটি গড়েন রাব্বি । ১৫৪ বলে খেলা রাব্বির ১৩৫ রানের চমৎকার ইনিংসটি ৫টি চার ও ৮টি ছক্কায় সাজানো। সিসিএসের পক্ষে রবিউল ইসলাম শিবলু ও রবিউল ইসলাম রবি দুটি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে রকিবুল হাসান ৬৪, আতিকুর রহমান ৪০ ও রাশিদ হানিফ ৩৭ রান করলেও টানা পঞ্চম হার এড়াতে পারেনি সিসিএস। অন্যদিকে এটি আবাহনীর পঞ্চম জয়। ৪৪ রানে ৫ উইকেট নিয়ে পিটার ট্রেগো আবাহনীর সেরা বোলার। বিমান-মোহামেডান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৭ রান করে বিমান। জবাবে ৩৯ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস (৫৯) ও ইমতিয়াজ হোসেনের (৬৬) ১১৫ রান মোহামেডানের জয়ের ভিত গড়ে দেয়। এরপর রমিজ রাজা জুনিয়র করেন ৩৯ রান। এর আগে জুনায়েদ সিদ্দিকের ৫৭, জাভেদ ওমরের ৩৭ ও খালেদ লতিফের ২৪ রানের পরও দু শ পেরোতে পারেনি বিমান। এটি মোহামেডানের ষষ্ঠ জয় আর বিমানের পঞ্চম হার। গাজী ট্যাঙ্ক-ওল্ড ডিওইচএস বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায় ওল্ড ডিওএইচএস। জবাবে ৩৯ ওভার ৩ বলে ১৫৯ রানে শেষ হয়ে যায় গাজী ট্যাঙ্কের ইনিংস। প্রথমে ব্যাট করে ৬৫ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওল্ড ডিওএইচএস। পঞ্চম উইকেটে আদনান রাজা (৭৬) ও শুভাগত হোম চৌধুরীর (৬৩) ১৪৫ রানের জুটি স্বস্তি ফেরায় ওল্ড ডিওএইচএস শিবিরে। এক পর্যায়ে ৪ উইকেটে ২১০ রান করলেও ২৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে আড়াইশ রানও করতে পারেনি তারা। গাজী ট্যাঙ্কের পক্ষে অলক কাপালী ৩ উইকেট নেন ২২ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে মুমিনুলের ৫৯ রানের পরও ১২৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে গাজী ট্যাঙ্ক। এরপর তারা আর লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি। ওল্ড ডিওএইচএসের পক্ষে নাবিল সামাদ ও জালাত খান ৩টি করে উইকেট নেন। এটি ওল্ড ডিওইচএসের ষষ্ঠ জয় আর গাজী ট্যাঙ্কের দ্বিতীয় পরাজয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৪৬ঘ.