২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজমলের পাশে সাকলায়েন

দুবাই টেস্টে সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলায়েন মুশতাকের বিশ্বাস, তার উত্তরসূরীর বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাই টেস্টে সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলায়েন মুশতাকের বিশ্বাস, তার উত্তরসূরীর বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। পাকিস্তানের একটি ওয়েবসাইটকে ‘দুসরার জনক’ হিসেবে পরিচিত সাকলায়েন বলেন, “সাঈদ আজমলের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। বব উইলিস ক্রিকেট কর্তৃপক্ষ নন। কারো বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ তা নির্ধারণ করার দায়িত্ব আইসিসি, আম্পায়ার ও ম্যাচ রেফারির। ” “আজমল দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এবং বিশ্বের সবখানে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের দ্বারা তার অ্যাকশন পরীক্ষিত। গত মৌসুমে তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সময়েও এ প্রসঙ্গে কোনো কথা ওঠেনি। আমার বিশ্বাস, আজমল এসব নিয়ে একদমই ভাবছেন না এবং সিরিজের বাকি ম্যাচগুলোতেও তিনি ভালো বল করবেন,” যোগ করেন তিনি। দুবাইয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৯৭ রানে ১০ উইকেট নেন আজমল। তার দুসরার কোনো জবাবই দিতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। আজমলের নৈপুণ্যে প্রথম টেস্ট তিন দিনেই ১০ উইকেটে জিতে নিয়েছে পাকিস্তান। এরপরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও পেসার বব উইলিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৫ঘ.