ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাডিলেড ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে দ্রুত অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়ে যে উৎসব শুরু করেছিলো ভারত তাতে পানি ঢেলে দিয়েছে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের অপরাজিত ২৫১ রানের জুটি। শতক পেয়েছেন দুজনই। সেই সুবাদে মঙ্গলবার প্রথম দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্র্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩৩৫ রান।
পন্টিং অপরাজিত আছেন ১৩৭ রানে। ২৫৪ বলের ইনিংসে তিনি চার মারেন ১৩টি। এই ম্যাচে আরো একটি অসাধারণ রেকর্ড গড়েছেন পন্টিং। টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তিনি। তার আগে আছেন মাত্র দুই জন। শচীন টেন্ডুলকার (১৫,৪৩২) ও রাহুল দ্রাবিড় (১৩,২৬২)।
ক্লার্ক অপরাজিত ১৪০ রান করার পথে ১৯টি চার ও ১টি বিশাল ছক্কা মারেন, মোকাবেলা করেন ১৮৮টি বল।
সিডনিতে দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ৩৭ রানে প্রথম ৩টি উইকেট হারিয়ে বসেছিলো। সেখান থেকে পন্টিং-ক্লার্কের ২৮৮ রানের জুটি ম্যাচ অস্ট্রেলিয়ার হাতের মুঠোয় নিয়ে যায়। শেষ পর্যন্ত ইনিংস ও ৬৮ রানে ওই ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে (৮) হারায় অস্ট্রেলিয়া। জহির খানের বলে এলবিডব্লিউ হন তিনি। পাঁচ রানের ব্যবধানে শন মার্শকে (৩) বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।
দলীয় ৮৪ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান এড কোয়ানকে (৩০) হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কোয়ানকে ভিভিএস লক্ষ্মণের ক্যাচে পরিণত করেন অশ্বিন।
দিনের বাকি সময়টা পন্টিং ও ক্লার্কের চমৎকার ব্যাটিং প্রদর্শন ও ভারতীয় বোলারদের হতাশার গল্প। ৬৪তম ওভারের পঞ্চম বলে জহির খানকে চার মেরে নিজের ৪১তম টেস্ট শতকে পৌঁছান পন্টিং।
আর ৬৮তম ওভারে থার্ড-ম্যান দিয়ে উমেশ যাদবের বল মাঠ ছাড়া করে শতক উদযাপন করেন ক্লার্র্ক। এটা তার ১৯তম টেস্ট শতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩৫৪ ঘ.
bdnews24