ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম তিন ম্যাচ হেরে যাওয়ায় ভারতের সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। মঙ্গলবার থেকে অ্যাডিলেডে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ভারতকে চেপে ধরেছে আরেকটি লজ্জার আশঙ্কা। আশঙ্কাটা গত বছরের ইংল্যান্ড সফরের মতো অস্ট্রেলিয়াতেও সব টেস্ট হেরে যাওয়ার।
দেশের বাইরে টানা ৭ টেস্ট হেরে ভারত এখন একেবারে দিশেহারা। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো পার্থ টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়ায় অ্যাডিলেডে খেলতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন বীরেন্দর শেবাগ। আর উইকেট রক্ষণের দায়িত্ব থাকবে ঋদ্ধিমান সাহার কাঁধে।
এমনিতে অ্যাডিলেড ওভালের উইকেট ব্যাটিং সহায়ক। উইকেট প্রসঙ্গে মাঠটির প্রধান গ্রাউন্ডসম্যান ড্যামিয়েন হফ বলেন, “এখানে প্রথম দিনে পেসাররা সহায়তা পাবেন। দ্বিতীয় ও তৃতীয় দিন ব্যাটসম্যানদের এবং চতুর্থ ও পঞ্চম দিন হবে স্পিনারদের।”
এমন উইকেটের জন্যই বোধহয় দুজন স্পিনার খেলানোর কথা ভাবছে ভারত। তাই শেষ টেস্টের জন্য অতিথিদের ১২ জনের দলে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে। আছেন পার্থ টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।
তবে ভারতের প্রথম একাদশ খেলা শুরু হওয়ার ঠিক আগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শেবাগ। তিনি বলেন, “উইকেটের ওপরে সব কিছু নির্ভর করছে। যদি মনে হয় উইকেট শুকনো এবং স্পিন সহায়ক হবে, তাহলে আমরা অবশ্যই দুজন স্পিনার নিয়ে মাঠে নামবো।”
পার্থে টেস্টে অভিষিক্ত মিডিয়াম পেসার বিনয় কুমার বাদ পড়েছেন ভারতের দল থেকে। পার্থে ৭৩ রানে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি।
উইকেটের কারণে অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন এসেছে। পেসার মিচেল স্টার্কের জায়গায় স্পিনার নাথান লিওনকে খেলানো হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
লিওন সম্পর্কে ক্লার্ক বলেন, “লিওনের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। তবে তাকে প্রত্যাশাজনিত চাপে ফেলতে চাই না। আমি শুধু চাই সে তার স্বাভাবিক খেলাটাই খেলুক।”
এই সিরিজ থেকে ভারতের আর তেমন পাওয়ার কিছু নেই। শুধু শচীন টেন্ডুলকার শততম শতকের দেখা পেলে ভারতের ক্রিকেট-ভক্তরা উৎসবের উপলক্ষ্য পাবেন খানিকটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩৮ঘ.
bdnews24