ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১৯ রানে হারিয়েছে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে সাত ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ২-০ ব্যবধানে এগিয়ে। মঙ্গলবার একই মাঠে তৃতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অতিথিরা। ব্যাট করতে নেমে সালমান হোসেন ও লিটন কুমারের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ড্যানিয়েল বেলের অর্ধশতকের পরও ৭ উইকেটে ২৩১ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার (২৩) ও লিটনের ৫০ রানের সুবাদে স্বাগতিকদের শুরুটা বেশ ভালো হয়। অর্ধশতকে পৌঁছে সাজঘরের পধ ধরার আগে দ্বিতীয় উইকেটে সালমানের সঙ্গে ৪৮ রানের আরেকটি ভালো জুটি গড়েন লিটন (৫৩)। লিটনের ৮২ বলের ইনিংসটি ৬টি চারে সাজানো।
তৃতীয় উইকেটে অধিনায়ক আসিফ আহমেদের (৪৫) সঙ্গে ৯৪ রানের জুটি গড়ে স্বাগতিকদের দারুণ সুবিধাজনক অবস্থানে নিয়ে আসেন সালমান (৫৯)। সালমানের ৭৪ বলের ইনিংসে ৮টি চার।
এক পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৯২ রান। সেখান থেকে ১৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে গেলেও শেষের দিকে আল-আমিনের ২০, শাহরিয়ার সুমনের ১৫ ও নাঈম ইসলাম জুনিয়রের ১২ রানের সুবাদে আড়াই পেরোয় স্বাগতিকরা।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে তিনটি করে উইকেট নেন স্যাম উড ও র্যামি সিং।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড (৩০) ও বেলের ৭০ রানের সুবাদে ভালো শুরু করে অতিথিরা। দ্বিতীয় উইকেটে বেন ফোয়েকেসের (১৯) সঙ্গে ৪০ ও তৃতীয় উইকেটে বেন কেলসালের (৪৩) সঙ্গে ৪৯ রানের দুটি ভালো গড়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে সুবিধা জনক অবস্থায় নিয়ে আসেন বেল (৯২)। বেলের ১২৪ বলের ইনিংসে ৯টি চার।
এক পর্যায়ে অতিথিদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৯ রান। কিন্তু পরের দিকের কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১৯ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।
স্বাগতিকদের পক্ষে দেওয়ান সাব্বির ২ উইকেট নেন ৪৮ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬২৯ ঘ.
bdnews24