ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড লায়ন্সকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হল ১-১ সমতায়।
টস জিতে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৬৬ রান করে ‘এ’ দল। জবাবে ৭ উইকেটে ১৫৫ রান করে লায়ন্স।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন ইমরুল। উদ্বোধনী জুটিতে নাজিমুদ্দিনের সঙ্গে (১২) ৩৫ ও দ্বিতীয় উইকেটে অধিনায়ক জহুরুল ইসলামের (২৭) সঙ্গে ৪৩ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসেন তিনি।
রান আউট হয়ে দলীয় ১২৪ রানে সাজঘরের পথ ধরার আগে তৃতীয় উইকেটে শুভাগত হোম চৌধুরীর (৬) সঙ্গে ২৪ ও চতুর্থ উইকেটে অলক কাপালীর সঙ্গে ২২ রানের আরো দুটি জুটি গড়েন ইমরুল (৬২)। ইমরুলের ৪৭ বলের ইনিংসটি চারটি চার ও তিনটি বিশাল ছক্কায় সাজানো।
ইমরুলের বিদায়ের পর স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি দেন অলক (২৩) ও সাব্বির রহমান। শেষ ওভারের তৃতীয় বলে অলক বিদায় নিলেও মাত্র ১১ বলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৪ রানে অপরাজিত থাকেন সাব্বির।
২২ রানে ৩ উইকেট নিয়ে নাথান বাক লায়ন্সের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে অতিথিদের শুরুটা মোটেও ভালো হয়নি। তাদের ইনিংসের প্রথম ওভারে জেসন রয়কে বোল্ড ও আলেক্স হালেসকে রান আউট করে শুরুতেই দলকে সাফল্য এনে দেন মোশারফ হোসেন।
চতুর্থ উইকেটে মেনার্ড (৬৮) ও অধিনায়ক জেমস টেলর ৮৭ রানের জুটি গড়লেও রান রেটে বেশ পিছিয়ে পড়ে লায়ন্স। ওই ব্যবধান আর ঘুচানো সম্ভব হয়নি অতিথিদের। টেলরের ৪৩ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
‘এ’ দলের পক্ষে মোশারফ ও আলাউদ্দিন বাবু দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫০৮ ঘ.
bdnews24