২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের জয়

শনিবার ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রন জানায় অতিথিরা। ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। জবাবে ৪৭ ওভার ২ বলে ২২১ রানেই থেমে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের শুরুটা ভালো হয়নি। ৯ রানেই প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে বেন ফোয়াকেসের (৩২) সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে উঠতে দলকে সাহায্য করেন ড্যানিয়েল বেল। অর্ধশতকে পৌঁছানোর পর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বেল (৫৫) সাজঘরের পথ ধরার সময় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ১৪২ রান। এরপর ৭ নম্বরে ব্যাট করতে নামা অনীশ কপিলের ৪৩ রান অতিথিদের হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু। ৩১ রানে ৪ উইকেট নিয়ে নূর হোসেন মুন্না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সেরা বোলার। এর আগে আনামুল হক বিজয় (২২) ও লিটন কুমারের (৪০) ৪৪ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় স্বাগতিকদের। পঞ্চম উইকেটে আল-আমিনের (৫০) সঙ্গে মোসাদ্দেক হোসেনের (৮১) ১১৪ রানের জুটির সৌজন্যে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মোসাদ্দেকের ৮৪ বলের চমৎকার ইনিংসটি সাজানো ১১টি চারে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে স্যাম উড ও শোজায়ের আলী ৩টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৮ঘ.