ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আনামুল হকের অপরাজিত শতকের সুবাদে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার ষষ্ঠ পর্বের খেলায় কলাবাগানকে ৭ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। দিনের অন্য খেলায় ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৩০ রানে হারিয়েছে মোহামেডান। আর বাংলাদেশের বিমানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।
আবাহনী-কলাবাগান
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কলাবাগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী।
প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৭ রান করে কলাবাগান। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান আনামুলের অপরাজিত ১২০ রানের সুবাদে ৪৪ ওভার ৩ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
১৩টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ১৮০ বলে ওই রান করেন আনামুল।
২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফজলে রাব্বি (২১) ও আনামুলের ১০৫ রানের উদ্বোধনী জুটি আবাহনীকে জয়ের ভিত গড়ে দেয়। তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের (৫২) সঙ্গে ৭২ রানের আরেকটি দারুণ জুটি গড়েন আনামুল।
চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের (অপরাজিত ৩৬) সঙ্গে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়ে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন আনামুল।
এর আগে ১১ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়া কলাবাগানকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান নাসিরুদ্দিন ফারুক ও রিফাত উল্ল¬াহ (৪১)। দ্বিতীয় উইকেটে তাদের গড়া ১০৩ রানের জুটির সুবাদে এক পর্যায়ে কলাবাগানের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১১৪ রান। বাকি ৯ উইকেটে আরো ১১৩ রান তোলায় দলের স্কোর আড়াইশ পেরোয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান আসে ফারুকের ব্যাট থেকে।
আবাহনীর পক্ষে মাহমুদুল্ল¬াহ, নাজমুল অপু ও আবুল হাসান ২টি করে উইকেট নেন।
এটি আবাহনীর চতুর্থ জয়। কলাবাগানের পঞ্চম হার।
এই ম্যাচ চলাকালে আম্পায়ার নাদির শাহ বুকে ব্যাথা অনুভব করায় আগেভাগেই মাঠ ছাড়েন। তার বদলে রিজার্ভ আম্পায়ার শফিউদ্দিন আহমেদ ম্যাচ পরিচালনা করেন।
মোহামেডান-সিসিএস
ফতুলল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিসিএস।
ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৪ রান করে মোহামেডান। জবাবে ৪৬ ওভার ৫ বলে ১৯৪ রানে অলআউট হয়ে যায় সিসিএস।
উদ্বোধনী জুটিতে ইমতিয়াজ হোসেন (৬০) ও ইমরুল কায়েসের (৫২) ১০৯ রান মোহামেডানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। তবে পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২৪ রানের বেশি করতে পারেনি মোহামেডান। দলকে এ পর্যন্ত নিয়ে আসেন রাজিন সালেহ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ রানে।
জবাবে রবিউল ইসলাম রবির ৫৪ ও সুলেমান খানের ৫০ রানের পরও অন্যদের ব্যর্থতায় হার মানতে হয় সিসিএসকে।
৩০ রানে ৪ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার নূর হোসেন ।
এটি মোহামেডানের পঞ্চম জয় আর সিসিএসের চতুর্থ হার।
গাজী ট্যাঙ্ক-বিমান
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে বিমানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গাজী ট্যাঙ্ক। ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৫ বলে ৮১ রানে অলআউট হয়ে যায় বিমান। জবাবে মাত্র ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক।
সর্বোচ্চ ৩০ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। ১৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় একশর আগেই থেমে যায় বিমানের ইনিংস। সর্বোচ্চ ১৬ রান আসে কাশিফ সিদ্দিকের ব্যাট থেকে।
১৯ রানে ৪ উইকেট নিয়ে নায়ার আব্বাস গাজী ট্যাঙ্কের সেরা বোলার।
এটি গাজীর পঞ্চম জয় আর বিমানের চতুর্থ হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৪৪ ঘ.
bdnews24