২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বিকেলে ইংল্যান্ডের উচ্ছ্বাস

শেষ বিকেলে ৪ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে প্রথম টেস্টে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ইংল্যান্ড। বুধবার দ্বিতীয় দিন শেষে তিন জনের অর্ধশতকের সুবাদে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২৮৮ রান। ইংল্যান্ডের চেয়ে স্বাগতিকরা এগিয়ে ৯৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ বিকেলে ৪ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে প্রথম টেস্টে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ইংল্যান্ড। বুধবার দ্বিতীয় দিন শেষে তিন জনের অর্ধশতকের সুবাদে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২৮৮ রান। ইংল্যান্ডের চেয়ে স্বাগতিকরা এগিয়ে ৯৬ রানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমরের দৃঢ়তায় প্রথম ঘন্টায় কোনো উইকেট হারায়নি। ইংল্যান্ডের বোলারদের হতাশ করে দলকে ১১৪ রানের জুটি উপহার দেন দুজনে। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে উমরকে বোল্ড করে অতিথিদের প্রথম সাফল্য এনে দেয়ার কৃতিত্ব স্টুয়ার্ট ব্রডের। উমরের ৫৮ রানের ইনিংসে ১০টি চার। তিন নম্বরে নামা আজহার আলী (১) বেশিক্ষণ টিকতে পারেননি। উইকেটরক্ষক ম্যাট প্রায়রের গ্লাভসবন্দী করে তাকেও ফেরান ব্রড। পাকিস্তানের স্কোর তখন ১২৮/২। অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারানোর ধাক্কা হাফিজ ও ইউনুস খানের ৪৮ রানের জুটির সুবাদে কিছুটা সামলে ওঠে পাকিস্তান। তবে দলীয় ১৭৬ রানে আবার অস্বস্তিতে পড়ে যায় তারা। দারুণ খেলতে থাকা হাফিজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্রায়েম সোয়ান। ১১টি চার ও একটি ছক্কায় ৮৮ রান করেন হাফিজ। ইউনুস অবশ্য অর্ধশতক পাননি। ৩৭ রান করে জোনাথন ট্রটের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এরপর আসাদ শফিকও (১৬) সাজঘরের পথ ধরলে ২৩১/৫এ পরিণত হয় পাকিস্তান। অধিনায়ক মিসবাহ-উল হক ও আদনান আকমল অবিচ্ছিন্ন থেকেই দিনটা পার করে দেবেন বলে মনে হচ্ছিলো। কিন্তু দিনের শেষ ওভারের আগের ওভারে মিসবাহকে এলবিডব্লিউ করেন সোয়ান। মিসবাহর ৫২ রানের ইনিংসে ৫টি চার। আদনানের সঙ্গে তার জুটিটাও ৫২ রানের। পরের ওভার অর্থাৎ দিনের শেষ ওভারে জেমস অ্যান্ডারসন আব্দুর রেহমানকে (৪) বোল্ড করলে উচ্ছ্বাস আরো বেড়ে যায় ইংল্যান্ডের। দিন শেষে আদনান অপরাজিত আছেন ২৪ রানে। দুটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, ব্রড ও সোয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৮ঘ.