ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দল হিসেবে লোগো উন্মোচন করেছে ঢাকা। মঙ্গলবার রেডিসন হোটেলে তারা আত্মপ্রকাশ করে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে। জাতীয় দলের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট দলটির প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন।
এছাড়া জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক বোলিং কোচ, সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরা দলের ম্যানেজার এবং সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করা হাবিবুল বাশার সুমন ঢাকার প্রধান উপদেষ্টা হয়েছেন। তবে এখনো অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।
ঢাকার আইকন খেলোয়াড়, জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল লোগো উন্মোচন করতে এসে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএল আর আমাদের বিপিএল এখন পর্যন্ত প্রায় একই রকম মনে হচ্ছে। আমরা অনেক দিন ধরেই শুনছিলাম এমন একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।”
“শেষ পর্যন্ত এটা হতে যাচ্ছে এবং খেলোয়াড়রা খুব খুশি। তরুণ খেলোয়াড়রা যারা এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায়নি, তারা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবে,” যোগ করেন তিনি।
আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন আশরাফুল। ওই সময়ে শচীন টেন্ডুলকারসহ দলের অন্য খেলোয়াড়দের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন জানিয়ে বলেন, এবার আমাদের দেশের তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
প্রধান কোচ ইয়ান পন্ট বলেন, “আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা একটা ভালো দল গড়তে চাই। প্রতিটি ম্যাচে জেতাই আমাদের মূল লক্ষ্য হবে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারবো কী না জানি না, তবে আমরা প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিতে চাই।”
মোহাম্মদ রফিকের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেট খেলা। ফরম্যাট নিয়ে তিনি ভাবছেন না বলেই জানান।
শফিকুল হক হীরা বলেন, “আবারো ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে খুব ভালো লাগছে। দায়িত্ব পালনে আমি সম্পূর্ণ প্রস্তুত।”
দল গঠনে বৃহত্তর ঢাকার খেলোয়াড়রা গুরুত্ব পাবে কী না জানতে চাইলে হাবিবুল বাশার সুমন বলেন, “আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চাই।”
অনুষ্ঠানে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের স্বত্ত্বাধিকারী ইউরোপা গ্র“পের পরিচালক শিহাব হোসেন চৌধুরী ও দলের ব্র্যান্ড এম্বাসেডর আফসান আরা বিন্দু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭২৭ ঘ.
bdnews24