ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ বিমানকে ১২৫ রানে হারিয়েছে ওল্ড ডিএইচএস। রোববারের অন্য দুই ম্যাচে প্রাইম দোলেশ্বর ৩ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২ উইকেটে সূর্যতরুণকে হারিয়েছে।
ওল্ড ডিওএইচএস-বিমান
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়া ওল্ড ডিওইচএসের সংগ্রহ ছিলো ২৫৭ রান। জবাবে ৪৪ ওভার ১ বলে মাত্র ১৩২ রানেই অলআউট হয়ে যায় বিমান।
লক্ষ্য তাড়া করতে নেমে ফয়সাল ইকবাল (৬৮) ছাড়া বিমানের আর কোনো ব্যাটসম্যান তেমন সুবিধা করে উঠতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে রেজাউল করিমের ব্যাট থেকে।
২৮ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ওল্ড ডিওএইচএসের সেরা বোলার।
এর আগে সাঈদ আনোয়ার (৪৬) ও জিয়াউর রহমানের (৬৪) ১১২ রানের উদ্বোধনী জুটি ওল্ড ডিওএইচএসকে ভালো সংগ্রহের ভিত গড়ে দেয়। অবশ্য ১৩৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতেও পড়ে যায় তারা।
তবে পঞ্চম উইকেটে ফয়সাল হোসেনের (৩২) সঙ্গে শুভাগত হোম চৌধুরীর (৫৪) ৬২ রানের জুটি এবং শেষ দিকে নুরুল হাসানের অপরাজিত ২৮ রানের সুবাদে আড়াই শ পেরোয় ওল্ড ডিওএইচএস।
পঞ্চম ম্যাচে এটি ডিওএইচএসের চতুর্থ জয় আর সমান ম্যাচে বিমানের তৃতীয় হার।
প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স
ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৩ রান করে ব্রাদার্স। জবাবে ৪৯ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।
প্রায় পৌনে তিন শ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় প্রাইম দোলেশ্বর। তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফীসের (৪১) সঙ্গে ১০০ ও চতুর্থ উইকেটে মানভিন্দর সিংয়ের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান মিজানুর রহমান (৭৬)।
নাফীস-মিজানুর ফিরে এলেও ৭৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন মানভিন্দর।
সোহেল তানভীর, আশরাফুল হক ও তাপস ঘোষ দুটি করে উইকেট নেন ব্রাদার্সের পক্ষে।
এর আগে ইমরান নাজিরের ৫৯, সোহেল তানভীরের ৪৭ ও আফতাব আহমেদের ৪২ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ গড়ে ব্রাদার্স।
প্রাইম দোলেশ্বরের পক্ষে আবু জায়েদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।
পঞ্চম ম্যাচে এটি প্রাইম দোলেশ্বরের দ্বিতীয় জয় আর সমান ম্যাচে ব্রাদার্সের চতুর্থ হার।
শেখ জামাল-সূর্যতরুণ
বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে সূর্যতরুণ। জবাবে ৪৯ ওভার ১ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় শেখ জামাল। চতুর্থ উইকেটে দীপক জুনের (৪৮) সঙ্গে ৬৭ ও পঞ্চম উইকেটে মাহমুদুল হাসানের (৩৮) সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান মেহরাব হোসেন জুনিয়র (৬৪)।
মেহরাবের বিদায়ের পর শেখ জামালের হাল ধরেন অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ। ষষ্ঠ উইকেটে মাহমুদুলের সঙ্গে ৪৭ ও সপ্তম উইকেটে আরিফুলের সঙ্গে (২০) ২৯ রানের জুটি গড়ে দলকে স্বস্তি¡র জয় এনে দেন তিনি। শেষ পর্যন্ত শুভ অপরাজিত ছিলেন ৪২ রানে।
৪৪ রানে ৩ উইকেট নিয়ে ইমরান উল্ল¬াহ সূর্যতরুণের সেরা বোলার।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান জুপিটার ঘোষের ৬২ এবং ৬ নম্বরে নামা তৈয়বুর পারভেজেরও ৬২ রানের সুবাদে আড়াই শর কাছাকাছি যেতে পেরেছে সূর্যতরুণ।
৪৭ রানে ৩ উইকেট নিয়ে আরিফুল হক শেখ জামালের সফলতম বোলার ।
পাঁচ ম্যাচে শেখ জামালের এটি তৃতীয় জয়। সমান ম্যাচে সূর্যতরুণের টানা পঞ্চম হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৪ঘ.
bdnews24