ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচে হাশিম আমলা ও জ্যাক ক্যালিসকে দলে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
প্রথম বারের মতো বাবা হতে যাচ্ছেন আমলা। এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই দলে নেই তিনি। আর ক্যালিসকে বিশ্রাম দেয়া হয়েছে। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে থাকা রোরি ক্লেইনভেল্টও বাদ পড়েছেন। এই ডানহাতি পেসার অবশ্য চোট সমস্যায় আক্রান্ত।
আমলা ও ক্যালিসের জায়গায় খেলবেন অ্যালভিরো পিটারসেন ও কলিন ইনগ্রাম। আর ক্লেইনভেল্টের জায়গায় ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ বল করা পেসার ভারনন ফিল্যান্ডার।
আমলার অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকা অনুভব করবেই। পার্লে প্রথম ওয়ানডেতে শতক করার পর ইস্ট লন্ডনে দ্বিতীয় ওয়ানডেতে অর্ধশতক করে স্বাগতিকদের টানা দুই জয়ে বড় অবদান এই উদ্বোধনী ব্যাটসম্যানের।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিসের অনুপস্থিতিও দক্ষিণ আফ্রিকাকে সমস্যায় ফেলতে পারে। প্রথম দুই ওয়ানডেতে একটি অর্ধশতকসহ ১০৯ রান এসেছে তার ব্যাট থেকে। বল করার অবশ্য সুযোগই পাননি।
বাকি তিন ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জোহান বোথা, জেপি ডুমিনি, ফাফ দু প্লে¬সি, কলিন ইনগ্রাম, অ্যালবি মরকেল, মর্নে মরকেল, ওয়েইন পারনেল, অ্যালভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভারনন ফিল্যান্ডার, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন ও লোনওয়াবো সোতসোবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩৬ঘ.
bdnews24