ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদের শতকের পরও ভিক্টোরিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। মোহামেডান ৬ উইকেটে কলাবাগানকে এবং গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ৫ উইকেটে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারিয়েছে।
ভিক্টোরিয়া-আবাহনী
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভিক্টোরিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৩ রান করে আবাহনী। জবাবে ম্যাচের শেষ বলে ছক্কা মেরে দলকে ৩ উইকেটের জয় এনে দেন মুক্তার আলী।
২৫৪ রানের জয়ের লক্ষ্য করতে নেমে ১২ রানে আহমেদ শেহজাদকে (৯) হারায় ভিক্টোরিয়া। তবে দ্বিতীয় উইকেটে ১৬৮ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ভিক্টোরিয়াকে ভালো অবস্থানে নিয়ে যান তামিম ইকবাল (৮৬) ও শোয়েব মালিক (৮৫)।
এক পর্যায়ে ভিক্টোরিয়ার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১৮০ রান। তবে সেখান থেকে আর ২৩ রান যোগ করতে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। তবে অষ্টম উইকেটে মোশারফ হোসেন রুবেল (অপরাজিত ১৮) ও মুক্তার আলীর (অপরাজিত ২৪) অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি দলকে রুদ্ধশ্বাস এক জয় এনে দেয়।
আবুল হোসেন রাজুর করা শেষ ওভারে ১৫ রান প্রয়োজন ছিল ভিক্টোরিয়ার। ওই ওভারে ১৮ রান তুলে নেন মুক্তার-মোশারফ জুটি। প্রথম দুই বলে দুটি চারের পর তৃতীয় বলে এক রান নেন মুক্তার। চতুর্থ বলে এক রান নেন মোশাররফ।
পঞ্চম বলে দুই রান নিয়ে ব্যবধান কমান মুক্তার। আর শেষ বলে লং অফের উপর দিয়ে সীমানা পার করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
আবাহনীর পক্ষে পিটার ট্রেগো ৩ উইকেট নেন ৪০ রানে।
এর আগে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবের (৪৭) সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন মাহমুদুল্ল¬াহ।
ষষ্ঠ উইকেটে ফরহাদ হোসেনের (অপরাজিত ৪১) সঙ্গে মাহমুদুল্লাহর অবিচ্ছিন্ন ৯৪ রানের জুটির সুবাদে আড়াইশ পেরোয় আবাহনী। মাহমুদুল্ল¬াহ ১২৫ বলে ৯টি চারের সাহায্যে অপরাজিত ১০৯ রান করেন।
ভিক্টোরিয়ার পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান ৩ উইকেট নেন ৪৫ রানে।
পাঁচ খেলায় এটি ভিক্টোরিয়ার চতুর্থ জয়, সমান খেলায় আবাহনীর দ্বিতীয় হার।
মোহামেডান-কলাবাগান
ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে ১৪৫ রান করে কলাবাগান। সর্বোচ্চ ৩১ রান আসে নিজামউদ্দিন রিপনের ব্যাট থেকে।
মোহামেডানের পক্ষে সৈয়দ রাসেল ১২ রানে নেন ৩ উইকেট।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক নাঈম ইসলামের অপরাজিত ৫৩ রানের সুবাদে ৩৯ ওভার ৩ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। এছাড়া ৪৫ রান করেন ইমরুল কায়েস।
পাঁচ খেলায় এটি মোহামেডানের চতুর্থ জয় অন্যদিকে সমান খেলায় কলাবাগানের চতুর্থ হার।
গাজী ট্যাঙ্ক-সিসিএস
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী ট্যাঙ্ক। ব্যাট করতে নেমে ৩৭ ওভার ১ বলে ১৩২ রানে অলআউট হয় সিসিএস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন রকিবুল হাসান।
২৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ সামি গাজী ট্যাঙ্কের পক্ষে সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে নাসির হোসেনের অপরাজিত ৬২ রানের সুবাদে ২৯ ওভার ৩ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক।
পাঁচ খেলায় এটি গাজী ট্যাঙ্কের চতুর্থ জয় অন্যদিকে সমান খেলায় সিসিএসের তৃতীয় হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯২২ ঘ.
bdnews24