ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সকে ৭৫ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম মাঠে চতুর্থ ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল।
টস হেরে ব্যাট করতে নেমে নাসিরুদ্দিন ফারুকের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২১৮ রান করে ‘এ’ দল। জবাবে ৩৪ ওভার ৪ বলে ১৪৩ রানে অলআউট হয়ে যায় লায়ন্স।
লক্ষ্য তাড়া করতে নেমে আলেকজান্ডার হেলস (৩৯) ও জেমস ভিন্স (১৬) ৪৮ রানের উদ্বোধনী জুটি উপহার দেন লায়ন্সকে। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অতিথিরা।
৭ নম্বরে ব্যাট করতে নামা স্কট বোর্থউইক দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করলেও লায়ন্স হার এড়াতে পারেনি।
২৫ রানে ৪ উইকেট নিয়ে অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ‘এ’ দলের সেরা বোলার।
এর আগে ২৯ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে যায় স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে শুভাগত হোম চৌধুরীর (৪৫) সঙ্গে ফারুকের ৭০ রানের জুটির সুবাদে ঘুরে দাঁড়ায় ‘এ’ দল।
এরপর চতুর্থ উইকেটে মেহরাব হোসেনের (১৫) সঙ্গেও ৩২ রানের আরেকটি ভালো জুটি গড়ে ফিরে আসেন ফারুক (৫৩)। পঞ্চম উইকেটে উইকেটরক্ষক ধীমান ঘোষের (২৫) সঙ্গে মাহমুদুল হাসানের ৬৭ রানের জুটির সুবাদে দু শ পেরোয় ‘এ’ দল। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকেন মাহমুদুল।
লায়ন্সের পক্ষে ড্যানি ব্রিগস ৩ উইকেট নেন ৩১ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৯ঘ.
bdnews24