ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থে সিরিজের তৃতীয় টেস্টে শুক্রবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। স্বাগতিকদের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা, সফরকারীদের সিরিজ বাঁচানোর লড়াই। পার্থের দ্রুতগতির উইকেটে অস্ট্রেলিয়ার চার পেসার খেলানোর উজ্জ্বল সম্ভাবনা। ভারত অবশ্য বৃহস্পতিবারেও দল নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।
শুক্রবার সকালেই প্রথম একাদশ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, “খেলা শুরু হওয়ার আগে পিচের চেহারা কেমন থাকে তার ওপরে অনেক কিছু নির্ভর করছে।”
“আমরা দেখতে চাই কতটা ঘাস ছেঁটে ফেলা হলো। স্পিনাররা কোনো সুবিধা পাবেন কিনা তাও দেখতে চাই। উইকেটের ওপরেই আমাদের বোলার নির্বাচন নির্ভর করছে,” যোগ করেন তিনি।
তবে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়ার ইঙ্গিত দিয়েছেন ধোনি। অশ্বিনের বদলে অভিষেক হতে পারে পেসার বিনয় কুমারের। যদিও বিস্ময়কর হলেও সত্যি, এই সিরিজে বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান অশ্বিনের! ৩৫.৭৫ গড়ে তার মোট রান ১৪৩। শততম শতকের দেখা না পেলেও শচীন টেন্ডুলকারের রানই (২২৬) অশ্বিনের চেয়ে বেশি।
অনিশ্চয়তা আছে বিরাট কোহলি ও ভিভিএস লক্ষ্মণের খেলা নিয়েও। দুজনের মধ্যে একজন বাদ পড়তে পারেন এবং টেস্ট অভিষেক হতে পারে রোহিত শর্মার।
অস্ট্রেলিয়া দল প্রায় নিশ্চিত। স্পিনার নাথান লিওন বা পেসার মিচেল স্টার্কের মধ্যে যে কোনো এক জনের খেলা নিয়েই যা অনিশ্চয়তা। এছাড়া সিডনি টেস্টে খেলা ৯ জনই আছেন দলে। শুধু চোটে পড়া জেমস প্যাটিনসনের জায়গায় খেলবেন রায়ান হ্যারিস।
পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডবি¬উএসিএ) গ্রাউন্ড তার ঐতিহ্যবাহী সবুজ উইকেট নিয়েই দুই দলের জন্য অপেক্ষা করছে। কিউরেটর ক্যামেরন সাদারল্যান্ড আভাস দিয়েছেন, গত বছরের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের চেয়েও এবারের পিচে গতি ও বাউন্স বেশি থাকবে। অ্যাশেজের ওই ম্যাচে ৪০টি উইকেটের মধ্যে মাত্র ২টি পেয়েছিলেন স্পিনাররা।
চার ম্যাচের টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়া ভারত ইতিমধ্যেই টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানও হারিয়েছে। মেলবোর্নে প্রথম টেস্টে ১২২ রানে ও সিডনিতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৬৮ রানে হেরেছে তারা। তাই গত বছর ইংল্যান্ড সফরে ০-৪ ব্যবধানে হারা টেস্ট সিরিজটির দুঃসহ স্মৃতি উঁকি দিচ্ছে ভারতীয় দলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০১ঘ.
bdnews24