ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চে অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেটকে সফল করে তুলতে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই প্রতিযোগিতার ৭টি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আবাসন হোটেলের নিরাপত্তা, টুর্নামেন্ট চলাকালীন সময়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ, স্টেডিয়ামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, ইমিগ্রেশনে পূর্ণ সহায়তা এবং তিনটি ভিআইপি লাউঞ্জ ব্যবহার নিয়েও আলোচনা হয় এই সভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৬ঘ.
bdnews24